ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতি বেশি: ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বা ব্রেক্সিট দেশটির প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তার মতে, গত এক দশকে ব্রেক্সিটের মাধ্যমে যতটা অর্জন হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে যুক্তরাজ্য।
সোমবার লন্ডনে লর্ড মেয়রের বার্ষিক ভোজসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বার্নহাম বলেন, ব্রেক্সিটের মাধ্যমে যুক্তরাজ্যের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। ২০১৬ সালের গণভোটের ফলাফলের পর যে ধরনের পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণে দেশটি সফল হয়নি।
ব্রেক্সিট-পরবর্তী পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ইউরোপের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা প্রয়োজন। বিশেষ করে বৈশ্বিক বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি।
শুক্রবার ব্রাসেলসে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সম্ভাব্য আলোচনায় খাদ্য ও পানীয় বাণিজ্য, জ্বালানি এবং কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের মতো বিষয় গুরুত্ব পেতে পারে। এ ছাড়া দুই পক্ষের তরুণদের নির্দিষ্ট সময়ের জন্য একে অপরের দেশে কাজের সুযোগ দেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে।
বার্নহামের দাবি, ব্রেক্সিটের পক্ষে দেওয়া সীমান্ত, আইন ও অর্থনীতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়িত হয়নি। তার বক্তব্যে ইইউর সঙ্গে বাণিজ্য হ্রাস এবং দেশটির অর্থনীতিতে ব্রেক্সিটের নেতিবাচক প্রভাবের বিষয়টিও উঠে আসে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে যুক্তরাজ্যকে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।
উল্লেখ্য, ২০১৬ সালের গণভোটে ৫২ শতাংশ ভোটার ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে মত দেন। বিপরীতে ৪৮ শতাংশ ভোটার জোটে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বেরিয়ে যায় যুক্তরাজ্য।
তবে ইইউর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিলেও শুল্কমুক্ত কাস্টমস ইউনিয়ন কিংবা একক বাজারে পুনরায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলে পূর্ববর্তী রাজনৈতিক প্রতিশ্রুতিতে জানানো হয়েছিল। ফলে ব্রেক্সিট-পরবর্তী সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে বিতর্ক অব্যাহত রয়েছে।
সূত্র: আল-জাজিরা।











