শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক : ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর, আশুলিয়া, কাঠগড়া, জিরাবো, জামগড়াসহ বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
অন্যদিকে গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়ী, মৌচাক, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন এলাকায় ১৫ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় দায়িত্ব পালন করছেন আরও সাত প্লাটুন বিজিবি সদস্য।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।











