নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় টিকে থাকতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দ্বিমুখী রাজনৈতিক অবস্থানের অভিযোগ তুলেছেন জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা আহমেদ তিবি। তার দাবি, প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের সহযোগিতার বিরোধিতা করলেও নির্বাচনের আগে ও পরে গোপনে আরব আইনপ্রণেতাদের সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল।

শুক্রবার ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি এ অভিযোগ করেন। এ সময় তিনি নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এশেলের কাছ থেকে পাওয়া কিছু বার্তাও নিজের মুঠোফোনে দেখান। তিবির দাবি, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর এবং নির্বাচনের ফল প্রকাশের পর তাকে এসব বার্তা পাঠানো হয়েছিল। তবে টেলিভিশনের পর্দায় বার্তাগুলো স্পষ্টভাবে পড়া সম্ভব হয়নি।

তিবি বলেন, ব্যক্তিগত কথোপকথন সাধারণত প্রকাশ করেন না তিনি। কিন্তু সম্প্রতি নেসেটে দেওয়া নেতানিয়াহুর বক্তব্যের পর তিনি বিষয়টি সামনে আনার সিদ্ধান্ত নেন। ওই বক্তব্যে নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন এবং রা’আম কিংবা জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল সরকার গঠনের বিরোধিতা করেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহুর উদ্দেশে তিবি বলেন, ‘আপনি একজন ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’

তিবির আরও দাবি, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তার সঙ্গে যোগাযোগ করেছেন। ওই মন্ত্রী তাকে গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাবের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিতে বলেন। মন্ত্রী তাকে বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আবার নির্বাচন হওয়াই ভালো।’

তিবি জানান, তিনি ওই মন্ত্রীকে বলেছেন, জয়েন্ট লিস্ট নতুন নির্বাচন চায় না। বরং নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে ক্ষমতা থেকে সরাতে চায় দলটি। বেন-গভিরের বিরুদ্ধে ইসরায়েলের প্রায় ২০ লাখ আরব নাগরিকের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগও করেন তিনি।

তবে তিবির অভিযোগ প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর দল লিকুদ। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে। লিকুদের দাবি, জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরায়েলি সেনাদের ক্ষতি করে—এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কোনো সহযোগিতা করে না।

নির্বাচনে কারচুপির অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিবি। তার ভাষায়, ‘শুধু একজন চোরই অন্যদের চোর বলতে পারে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর দায়িত্বশীল আচরণ করা উচিত। আরব জনগোষ্ঠীর নেতৃত্ব এবং দেশটির ২০ লাখ আরব নাগরিকের রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তিনি।

গত ২৭ অক্টোবরের নির্বাচনের সময় এবং ফল প্রকাশের পর থেকেই আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলছিলেন নেতানিয়াহু ও লিকুদ নেতারা। এ নিয়ে ভোট কেনাবেচার সন্দেহ এবং বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা তদন্তের কথাও সামনে আসে। তবে নির্বাচন কমিশন বারবার জানিয়েছে, নির্বাচনের ফল প্রভাবিত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা রোববার বলেছেন, নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে এমন কোনো কিছুর অস্তিত্ব তিনি দেখেননি।

আরব ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিদায়ী সরকারের প্রতি ক্ষোভ এবং আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছেন তিবি। তার মতে, আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে সরকারের আক্রমণাত্মক অবস্থানের বিরুদ্ধে এটি ছিল আত্মরক্ষার একটি সাহসী পদক্ষেপ।

আরব অধ্যুষিত এলাকায় সহিংস অপরাধ, বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের মতো কট্টর ডানপন্থি নেতাদের বক্তব্য এবং অস্তিত্বের সংকট ভোটারদের কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে চলতি সপ্তাহে চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগে, ভোট চলাকালে এবং ফল প্রকাশের পর রা’আম দলের প্রধান মানসুর আব্বাসের সঙ্গেও বারবার যোগাযোগ করেছিলেন এশেল। আইজেনকোট যাতে সরকার গঠন করতে না পারেন, সে জন্য আব্বাসকে সহযোগিতা না করার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

প্রতিবেদনে প্রকাশিত কথোপকথনের প্রতিলিপি অনুযায়ী, নির্বাচনের আগে এশেল আব্বাসকে প্রশ্ন করেছিলেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত কোনো আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া ঠেকাতে আনা আইনে রা’আম সমর্থন দেবে কি না। এমন আইন কার্যকর হলে দুর্নীতির বিচার মোকাবিলা করা নেতানিয়াহুর আবার ক্ষমতায় ফেরার পথ বাধাগ্রস্ত হতে পারে।

নির্বাচনের পরও আইজেনকোটের জোটে অন্তর্ভুক্ত না হয়েও রা’আম তার সরকার গঠনের পক্ষে ভোট দেবে কি না, তা জানতে চেয়েছিলেন এশেল। প্রথমে আব্বাস ফলাফলের জন্য অপেক্ষা করার কথা জানালেও পরে এশেলের বার্তার জবাব দেওয়া বন্ধ করে দেন।

তবে নেতানিয়াহুর পক্ষে কোনো বার্তা পৌঁছে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এশেল। তার দাবি, তিনি কয়েকজন আরব ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন, যাদের জোটে নিতে চায় না, এমন কাউকে সমর্থন করার ক্ষেত্রে তাদের আত্মসম্মানবোধে বাধবে কি না। আব্বাস তাকে বলেছিলেন, ‘আমরা আমাদের জন্য যা ভালো, সেটাই করব।’

এদিকে আরব দলগুলোর সঙ্গে কোনো সরকারে যোগ দেওয়া বা তাদের সমর্থনের ওপর নির্ভর করার বিরোধিতা করে আসছেন ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান। তবে এ বিষয়ে লিবারম্যানের অবস্থানকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন তিবি।

তার বক্তব্য, আগের ‘চেঞ্জ গভর্নমেন্ট’-এ লিবারম্যান অর্থমন্ত্রী ছিলেন, যে সরকার আরব আইনপ্রণেতাদের সমর্থন পেয়েছিল। এমনকি তাদের ভোটেই পরে নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির প্রধান নির্বাচিত হয়েছিলেন তিনি।

তিবির ভাষায়, ‘এটি ভণ্ডামি। আর সাধারণত এই দ্বিমুখী আচরণ পরিস্থিতি অনুযায়ী বদলায়। কখনো আমাদের বিরুদ্ধে, আবার কখনো অতি-গোঁড়া ইহুদিদের বিরুদ্ধে।’

অন্যদিকে নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে এবং নতুন নির্বাচন এড়াতে লিবারম্যান সম্প্রতি তার আরেকটি পুরোনো অবস্থান শিথিল করেছেন। অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠন এবং তাদের সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে আপসের বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হচ্ছে, সম্ভাব্য আঘাত অন্ধ্রপ্রদেশে