হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২
অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে। তাঁদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৭৭ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৫ জনের।
বিভাগভিত্তিক হিসাবে, উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ২০৬, চট্টগ্রামে ১১৪, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯০, বরিশালে ৭০, খুলনায় ৫৭ এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৪ জন।
বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে ৪৬৪ জন, চট্টগ্রামে ২০৪, সিলেটে ১২১, খুলনায় ৯৮, বরিশালে ৯৫, ময়মনসিংহে ৬০, রাজশাহীতে ৪০ এবং রংপুরে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ জনের।
এ ছাড়া সন্দেহজনক হাম আক্রান্ত ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪ হাজার ৪৯ জন।











