কক্সবাজারে রিসোর্টের টয়লেটে মিলল ৪ মরদেহ, নিহত ১০
অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকার একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে রিসোর্টের টয়লেট থেকে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, অগ্নিকাণ্ডের পর প্রথমে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভবনে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। রিসোর্টটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রিসোর্টের ইনচার্জ মোহাম্মদ সুমনের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার পর শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তিনি জানান।
অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে কতজন পর্যটক অবস্থান করছিলেন, তা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, রিসোর্টের ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জন সকালে বাইরে বের হয়েছিলেন। তবে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানিয়েছেন, আগুন লাগার সময় সেখানে প্রায় ১৮ জন অবস্থান করছিলেন।
এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে।
অগ্নিকাণ্ডে আহত সাতজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের শরীর পুড়ে গেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেলের দেওয়া তথ্য অনুযায়ী, দগ্ধদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, তদন্ত শেষ হলে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।











