আওয়ামী লীগের মুখোমুখি আওয়ামী লীগ
রাজনীতিতে এক ধরনের গুমট হাওয়া বইছে। সরকারের মধ্যে অস্থিরতা, ক্রসফায়ারে শাসক দলের কর্মী নিহতের ঘটনায় সরকারি দলের এমপি নেতাদের কঠোর বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ৭৫ এর ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরির অভিযোগে সরকারের ছোট শরিক জাসদকে আওয়ামী লীগ নেতাদের একের পর এক আক্রমণ, পাল্টা বিবৃতি, সাংবাদিক প্রবীর শিকদার গ্রেপ্তার ও রিমান্ড ঘিরে আইসিটি অ্যাক্ট ধারা ৫৭ নিয়ে সমালোচনার ঝড়- সব মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তা দেখে পর্যবেক্ষকরা বলছেন আলামত ভাল নয়। কি সরকার কি বিরোধী দল কারও রাজনৈতিক কর্মসূচি মাঠে ময়দানে না থাকলেও একের পর এক হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে। সরকারের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলার অবনতির জন্য শাসক দল আওয়ামী লীগের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বকে চিহ্নিত করে প্রতিবেদন দিয়েছে। এদিকে ক্রসফায়ারে সরকারি দলের কর্মী নিহতের ঘটনায় প্রবীণ পার্লামেন্টারিয়ান ও আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলাধুনা করেছেন। এর আগে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের নেতা ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাসগুপ্তের বক্তব্য, সুরঞ্জিত সেনগুপ্তের আর শান্ত থাকতে পারি না। প্রবীর শিকদারের ঘটনার পাশাপাশি ক্রসফায়ারে দলীয় কর্মীর মৃত্যু সরকারি দলের নেতাকর্মীদের মাঝে অস্থিরতা তৈরি করে। এদিকে জাতীয় শোকদিবসে কর্মসূচি ঘিরে পর্যায়ক্রমে শাসক দলের অভ্যন্তরীণ সহিংসতা, সন্ত্রাস শোকের ভাবগাভীর্যই নষ্ট করেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। অন্যদিকে প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবুল আলম হানিফ ও সর্বশেষ গতকাল ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরির জন্য সরকারের ছোট পার্টনার জাসদকে অভিযুক্ত করেছেন। এই বিতর্কে রাজনীতিতে মামলা ও কারা নির্যাতনে দগ্ধ ও রাজপথে কোণঠাসা বিএনপি আগুনে ঘি ঢেলেছে। প্রেস ব্রিফিংয়ে বিএনপি ৭৫ পূর্ববর্তী সময়ে তৎকালীন জাসদ ও গণবাহিনীর নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ভূমিকা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছে। ওই সময় ইনুর নেতিবাচক ভূমিকা ছিল অভিযোগ করে দলটি বলেছে, এ সম্পর্কে তিনি জবাব দিতে র্ব্যথ হলে পদত্যাগ করা উচিত।
এদিকে জাসদ নেতৃত্ব এক বিবৃতিতে বলেছেন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের মিল পাচ্ছেন তারা। এতে ১৪ দলের ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হবে বলেও ক্ষমতাসীন জোটের বৃহত্তম দল আওয়ামী লীগকে সতর্ক করেছে দলটি। এদিকে গার্মেন্ট খাতের বহুল প্রত্যাশিত জিএসপি ইস্যুতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যা বলছেন তার সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গহর রিজভীর বক্তব্য মিলছে না। দুইজন দুই মেরুতে অবস্থান নিয়েছেন। তথ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর অবস্থান একে অন্যের বিপরীতে। যোগাযোগ ও সেতুমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় এখন ছাত্রলীগ। অন্যদিকে শাসকদলের কর্মী ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনায় শাসকদলে যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে তা নিয়ে পর্যবেক্ষক মহল বলছেন এর আগে যতগুলো ক্রসফায়ার ও গুমের ঘটনা ঘটেছে তখন তারা মুখে কুলুপ এঁটেছিলেন কেন? এদিকে সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকাবহ আগস্ট মাসে নানান ষড়যন্ত্র ঘটার ইঙ্গিত করে তাকে বিভিন্ন সময় কিভাবে হত্যার চেষ্টা হয়েছে সেটি উল্লেখ করেছেন। এমনকি ওয়ান-ইলেভেনে তাকে মাইনাস করার এবং দেশের বাইরে পাঠিয়ে দিতে দলের যেসব সিনিয়র নেতা ভূমিকা রেখেছিলেন তাদের সমালোচনা করে বলেছেন, যদিও তারা এখন তার মন্ত্রিসভার সদস্য রয়েছেন। এদিকে রাজনীতিতে নিষ্ক্রিয় ও কোণঠাসা হয়ে পড়া বিএনপির ওপর একের পর এক মামলার চার্জশিট ও কারাগার প্রদানের ঘটনা অব্যাহত রেখেছে। বিএনপি রাজনীতিতে সরকারের জন্য বর্তমানে যতটা না চ্যালেঞ্জের তার চেয়ে বেশি সরকারের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও মাঠপর্যায়ে নেতৃত্বের ক্ষমতার দ্বন্দ্ব প্রকট। আওয়ামী লীগের মুখোমুখি আজ আওয়ামী লীগ। জোট শরিকদের মুখোমুখি আজ আওয়ামী লীগ। মন্ত্রীদের মুখোমুখি আজ মন্ত্রী। নেতাদের মুখোমুখি আজ নেতা। সব মিলিয়ে এক অস্বস্তিকর গুমোট হাওয়ার ভেতর দিয়ে সময় অতিক্রম করছে বাংলাদেশ। পর্যবেক্ষকরা বলছেন এমনিতেই সরকার সেই ৫ই জানুয়ারির সিলেকডেট প্রশ্নবিদ্ধ নির্বাচনের নৈতিক বৈধতা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহলে সুখকর অবস্থানে নেই। অন্যদিকে দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জন-অসন্তোষ বাড়াচ্ছে। এমনই পরিস্থিতিতে মাঠে নেতৃত্বের, কর্তৃত্বের লড়াই ও কেন্দ্রে মন্ত্রী নেতাদের পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ এবং সমন্বয়হীনতা কার্যত সরকারকে দুর্বল করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।











