রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ
শাহজাহান আকন্দ শুভ
রাজধানীর মোহাম্মদপুরে গত রবিবার দিনদুপুরে চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় কিশোর গ্যাং এলেক্স ইমন গ্রুপের দলনেতা ইমন ওরফে এলেক্স ইমনকে। দুই কিশোর গ্যাং গ্রুপ এলেক্স ইমন ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় রাজধানীতে নতুন করে আলোচনায় এসেছে কিশোর গ্যাং গ্রুপ। ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর রাজধানীতে তৎপর কিশোর গ্যাং গ্রুপের হালনাগাদ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। গত বছর ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে সক্রিয় ১১৮টি কিশোর গ্যাং গ্রুপের তালিকা করে।
জানা গেছে, রাজধানীর ৫০ থানা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তালিকাভুক্ত ১১৮টি কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। প্রতিটি গ্রুপে ৭ জন থেকে শুরু করে ২০ জন পর্যন্ত সদস্য রয়েছে। তাদের বয়স ১৪ থেকে ২০ পর্যন্ত। তারা চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত। এমনকি খুনোখুনিতেও তারা হাত পাকাচ্ছে। তাদের হাতে রয়েছে চাপাতি থেকে শুরু করে নানা ধরনের দেশীয় অস্ত্র। রয়েছে পিস্তল রিভলবারসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র। এসব গ্রুপগুলো নিয়ন্ত্রণ করে থাকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে এলাকাভিত্তিক প্রভাবশালী ব্যক্তিরা।
গত বছর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর রাজধানীতে সক্রিয় যে ১১৮টি কিশোর গ্যাং গ্রুপের তালিকা তৈরি করে, তাতে সবচেয়ে বেশি কিশোর গ্যাং তালিকাভুক্ত হয়েছে মিরপুর বিভাগের ৭ থানা এলাকায়। এই বিভাগে ৩২টি গ্রুপ রয়েছে। এর মধ্যে পল্লবী থানা এলাকায় সর্বাধিক ১৪টি গ্রুপ সক্রিয় রয়েছে। মিরপুরের পরই তেজগাঁও বিভাগের ৬ থানা এলাকায় ২৬টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর থানা এলাকাতেই সর্বাধিক ১৬টি গ্রুপ সক্রিয়।
পুলিশের তালিকানুযায়ী, ডিএমপির রমনা বিভাগে ৬টি, লালবাগ বিভাগে ১০টি, ওয়ারী বিভাগে ১৩টি, মতিঝিল বিভাগে ১০টি, গুলশান বিভাগে ১১টি এবং উত্তরা বিভাগে ১০টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন আমাদের সময়কে বলেন, তাদের তালিকায় ১১৮টি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। এখন এই তালিকাটি হালনাগাদ করতে সব থানায় চিঠি পাঠানো হচ্ছে। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। তবে পুলিশের একার পক্ষে এই গ্যাং নিয়ন্ত্রণ করাটা দুরূহ। এই কাজে সমাজের নেতৃস্থানীয়দেরও এগিয়ে আসতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, প্রযুক্তির অপব্যবহার, সামাজিক অবক্ষয়, পারিবারিক অস্থিতিশীলতা এবং শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে কিশোর গ্যাং দিনের পর দিন সমাজে জায়গা করে নিচ্ছে। কিশোর অপরাধের লাগাম টানতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদেরকে সমাজে পুনর্বাসন তথা কাজের সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, তাদের অপরাধটি কিশোর অপরাধ। কিন্তু অপরাধের ভয়াবহতা প্রাপ্ত বয়স্কদের মতো। কিশোর অপরাধীদের যারা পৃষ্ঠপোষকতা করছে তাদেরও যথাযথ আইনের আওতায় আনতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশে ক্ষমতার পালাবদলের পর কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণকারী গডফাদার বা পৃষ্ঠপোষকও বেশিরভাগ সময় পরিবর্তন হয়। ২০২৩ সালে ঢাকা মহানগর পুলিশের তালিকানুযায়ী, ঢাকার দুই সিটির ২১ জন কাউন্সিলর কিশোর গ্যাং সদস্যদের নিয়ন্ত্রণ করতেন। কিন্তু এক বছর পর ২০২৪ সালের ৫ আগস্ট দেশে ক্ষমতার পালাবদলের পর সেই কাউন্সিলররা আর এলাকায় নেই। তাদের জায়গায় অন্যরা এখন কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করছে পর্দার আড়াল থেকে।











