রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে চাঁদাবাজদের আশ্রয়ের অভিযোগ: রিজভী

news-image
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর ভেতরে অনেক গোপন চাঁদাবাজ অবস্থান করছে। রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে জিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে রিজভী বলেন, অন্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার আগে জামায়াতের নিজেদের ভেতরের ঘটনাগুলোর দিকেও নজর দেওয়া উচিত। তিনি দাবি করেন, মিরসরাইয়ে ফেনী নদী থেকে বালু উত্তোলনের ঘটনায় জামায়াতের দুই নেতা জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এছাড়া ফেনীতে মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে অর্থ নেওয়ার অভিযোগও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রিজভীর ভাষ্য, ধর্মভিত্তিক রাজনীতি করলেই কেউ প্রশ্নের ঊর্ধ্বে চলে যায় না। তাঁর মতে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মতো জামায়াতের মধ্যেও এমন কিছু ব্যক্তি রয়েছে, যারা আড়ালে থেকে চাঁদাবাজিসহ নানা অনিয়মে জড়িত।

তিনি আরও বলেন, চাঁদাবাজির বিষয়কে ভিন্ন নামে উপস্থাপন করলেও তার প্রকৃতি বদলে যায় না। বিভিন্ন এলাকায় ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, কোনো রাজনৈতিক দলে অনুপ্রবেশকারী বা অপরাধে জড়িত ব্যক্তি থাকতেই পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে। তিনি জানান, ৫ আগস্টের পর বিএনপির ভেতরে অভিযোগ ওঠা অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় শত শত নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি কিংবা শোকজ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রিজভীর দাবি, জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধেও নানা অভিযোগ প্রকাশ্যে এসেছে। অনেক ক্ষেত্রে সংবাদমাধ্যমে তথ্য প্রকাশের পর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই নিজেদের পুরোপুরি নির্দোষ দাবি করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যেসব অনিয়ম এখনো প্রকাশ্যে আসেনি, সেগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিরাও দলটির ভেতরে থাকতে পারে। তাঁর মতে, বাংলাদেশের মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হলেও ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করাকে সমর্থন করে না। একই সঙ্গে ধর্মবিরোধী কর্মকাণ্ডও জনগণ গ্রহণ করে না।

রিজভী বলেন, ধর্মকে পুঁজি করে রাজনীতি কিংবা ব্যবসা যেমন মানুষ অপছন্দ করে, তেমনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন কর্মকাণ্ডও গ্রহণযোগ্য নয়। তিনি অতীতে আওয়ামী লীগের কিছু নেতার বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, সেসব মন্তব্যও সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

জাসাসের উদ্দেশে তিনি বলেন, দেশের মাটি ও ঐতিহ্য থেকে গড়ে ওঠা সংস্কৃতির চর্চা ও বিকাশে কাজ করতে হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ইতিবাচক সাংস্কৃতিক অর্জন গ্রহণ করতেও কোনো বাধা নেই। তবে দেশের নিজস্ব সংস্কৃতি দুর্বল করার উদ্দেশ্যে কোনো আগ্রাসী বা প্রভাবশালী শক্তি ষড়যন্ত্র করলে তা প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে।

সভায় জাসাসের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে এবং সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সম্পাদক সাঈদ সোহরাব, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাসাস নেতা লিয়াকত আলী লাকি, ফরহাদ হোসেন নিয়ন ও রাফিজা আলম লাকিসহ অন্যরা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী