গ্যাসের সিলিন্ডারে করে ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা
দীর্ঘদিন থেকেই মাদক বিক্রির সঙ্গে জড়িত ইয়ামিন। খুচরা মাদক বিক্রেতা থেকে এখন মাদকের পাইকারী বিক্রেতা সে। সারা দেশেই রয়েছে তার মাদক বিক্রির নেটওয়ার্ক। খোদ রাজধানীতে রয়েছে আটজন এজেন্ট। এই এজেন্টদের কাছে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পৌঁছে দেয় ইয়ামিন। নানা পদ্ধতিতে ইয়াবা পরিবহন করে সে। গ্যাসের সিলিন্ডারে করে ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা পরিবহনের সময় গ্রেপ্তার করা হয়েছে তাকে। গ্রেপ্তারের পর সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। রোববার বিকাল ৫টায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১৭ হাজার ইয়াবাসহ ইয়ামিন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানটি পরিচালনা করে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগ। সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, মাইক্রোবাসে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে ঢাকার পথে ইয়ামিন আসছেন এই সংবাদ পেয়ে যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেয় পুলিশ। বিকাল ৫টায় সম্রাট কমিউনিটি সেন্টারের সামনে রাস্তায় ব্যারিকেড দিয়ে নীল রঙয়ের একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়। গাড়ি তল্লাশি করে গ্যাসের সংযোগহীন সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙয়ের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-৬৭৪১) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা চট্টগ্রাম থেকে ইয়াবা ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে ঢাকায় নিয়ে আসছিল। ইয়াবা পরিবহনে ব্যবহৃত গাড়িটি ইয়ামিন তার নিজের বলে ডিবিকে জানিয়েছে। মনিরুল ইসলাম জানান, দীর্ঘ ১৫ বছর যাবৎ মাদক ব্যবসা করছে ইয়ামিন। যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত সে। তবে এই দীর্ঘ সময়ে মাত্র একবার গ্রেপ্তার হয়েছিল ইয়ামিন। গ্রেপ্তাররকৃত ইয়ামিনের দুই সহযোগী হচ্ছেন তুষার আহমেদ ও সাহেদ শেখ। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মাদক ব্যবসায় সংশ্লিষ্টদের সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।











