চট্টগ্রামে ২০,০০০ লোকের হজযাত্রা অনিশ্চিত
ভুয়া নিবন্ধনের কারণে ২০ হাজার লোকের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। আর এ ভুয়া নিবন্ধনের পেছনে দায়ী ধর্ম মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব ও অসাধু এজেন্সি মালিকরা। এমনটিই দাবি হজযাত্রী কল্যাণ সংস্থা বাংলাদেশের। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তন কক্ষে এসব বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়াম্যান এইচ এম মুজিবুল হক শুক্কুর এসব অভিযোগ করেন।
তিনি বলেন, গত বছর ১০ই ডিসেম্বর চলতি বছরের জন্য সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব গমন করতে পারবেন বলে জনানো হয়। এ সময় হজ প্যাকেজও ঘোষণা করা হয়। পরে হঠাৎ ১৯শে ফেব্রুয়ারি সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জানানো হয় ২১শে ফেব্রুয়ারি বেসরকারি হজযাত্রী নিবন্ধন শুরু হবে। কিন্তু পরদিন শুক্রবার ও এর পরদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। এমতাবস্থায় ২২ তারিখে গিয়ে দেখা যায় বেসরকারিভাবে উল্লিখিত ৯১ হাজার ৭৫৮ জনের কোটা পূর্ণ হয়ে গেছে। এর জন্য তিনি ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান, যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম ও কিছু অসাধু এজেন্সিকে দায়ী করেছেন। তিনি বলেন, দুই দিন কর্মদিবস বন্ধ থাকায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল ও যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম কিছু অসাধু এজেন্সির যোগসাজশে এ কাজ করেছে। এভাবে ভুয়া হজযাত্রী নিবন্ধনের ফলে সারা দেশের ৩৫০টি হজ এজেন্সির অধীনে ২০ হাজার হজযাত্রীর হজব্রত পালন অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে সৌদি সরকারের নিয়মানুযায়ী একবার হজ করার পর পরবর্তী ৫ বছর হজ করা যাবে না। কিন্তু নিবন্ধনে পাঁচ বছরে দুবার হজ করতে যাচ্ছেন এমন আড়াই হাজার হজযাত্রী রয়েছেন। তা ছাড়া ৪০ বছরের নিচে হজ করতে যাচ্ছেন এমন লোকের সংখ্যা প্রায় ৮ হাজার। এমতাবস্থায় ভুয়া নিবন্ধনগুলোর কোঠা শূন্য ঘোষণা করার দাবি জানান মুজিবুল হক শুক্কুর। তিনি বলেন, ‘যারা পাঁচ বছরে দুবার হজ করতে যাচ্ছেন এবং যাদের বয়স ৪০-এর নিচে তাদের পরের বছরের জন্য অপেক্ষমাণ রেখে চল্লিশোর্ধ্ব বয়সীদের অগ্রাধিকার দেয়া হোক।’ এ সময় তিনি নিবন্ধনহীন ২০ হাজার লোকের হজযাত্রা নিশ্চিতের দাবি জানান। দাবি আদায়ে আজ সোমবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সংগঠনটি। পাশাপাশি ঢাকার আশকোনা হজ অফিসের সামনে হাজী সমাবেশও করবে সংগঠনটি। এ সময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্ট অব বাংলাদেশের (অ্যাটাব) কার্যকরী সদস্য শাহ আলম, হজযাত্রী কল্যাণ সংস্থার বাংলাদেশের ভাইস চেয়ারম্যান হাফেজ মো. আমিন, সচিব কাজী জসীম উদ্দিন, সহকারী সচিব সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন হাবিবী প্রমুখ।











