কোচিং সেন্টারের আড়ালে গোপন অস্ত্রভান্ডার, পরিচালকসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় কোচিংয়ের পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫) সহ তিনজনকে সেনা হেফাজতে নেয়া হয়।
শনিবার (১৬ আগস্ট) ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত সংশ্লিষ্ট কোচিং সেন্টারে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দল। এর আগে, এদিন প্রায় দুই ঘণ্টা যাবৎ ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী।
জানা গেছে, অভিযুক্ত কোচিং সেন্টারটি পরিচালনা করতেন অনিন্দ্য। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। এ ছাড়া তিনি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। সূত্র বলছে, ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারের সাইনবোর্ডের আড়ালে সংশ্লিষ্ট ভবনে এসব অস্ত্র ও বিস্ফোরক রাখা ছিল। অস্ত্রগুলো অত্যন্ত বিপজ্জনক বলে জানিয়েছে সেনাবহিনী। গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে একজন হলেন লিটনের চাচাতো ভাই অনিন্দ্য, অপর দুজন তার সহযোগী। তবে মূলহোতা অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকান্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
সেনাবাহিনীর সূত্র বলছেন, ডক্টরস ইংলিশ নামের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভালবার, সঠিক কর্টিজ, ইয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬ টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০ টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকৃত বোমা ও অন্যান্য বিস্ফোরক নিষ্ক্রিয় করে।
এদিকে সেনাবাহিনী সেখানে অভিযান চালানোর সময় পুলিশ সদস্য ও বিপুল সংখ্যক সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হন। একই সঙ্গে স্থানীয় জনতা ও কোচিংটির বেশ কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলের পুকুরপাড়ে জড়ো হন।
একজন শিক্ষার্থী ভোরের ডাককে বলেন, ‘অনিন্দ্য ভাইয়া অনেক ভালো ক্লাস নিতেন। ইংলিশ ভালো পারতেন তিনি। আমি বর্তমানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। ভাইয়া আমাদের ও ফার্স্ট ইয়ারের ক্লাস নিতেন। খুব স্টাইলিশ লুক ছিল তার। রাজশাহী শহরের সেরা ১০ জনের মধ্যে একজন স্টাইলিশ ছিলেন তিনি। ওই শিক্ষার্থী আগেও অনিন্দ্যর কক্ষে অস্ত্রগুলো দেখেছেন বলে জানান। তিনি বলেন, ভাইয়ার অফিস রুমে বেশ কয়েকবার আমি ঢুকেছি। তখন পিস্তল ও রিভলভার দেখেছিলাম।
তবে সেগুলো লাইসেন্সধারী ছিল বলে জানতাম। আরও কী কী ছিল, সেগুলো নিয়ে নিশ্চিত নই। রুমটা অন্যরকম ছিল। অনিন্দ্য গ্রেপ্তার হওয়ায় আনন্দ প্রকাশ করে ইন্টারমিডিয়েট পড়ুয়া এই শিক্ষার্থী আরও বলেন, কী মজা! ভালোই হলো, অনিন্দ্য ভাইয়া কট, আর ইংলিশ ক্লাস করতে হবে না। অনেক ভালোই লাগছে। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান সাংবাদিকদের বলেন, অস্ত্রগুলো হস্তান্তর করা হলে আমরা আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে। তবে বোমাগুলো নিষ্ক্রয় করা হয়েছে।











