আজ জীবন সাজাবার রাত পবিত্র শবেকদর
ইসলামিক ডেস্ক : আজ ২৬ রোজা। দিনশেষে আগত রাতই পবিত্র শবেকদর। বড় পীর আব্দুল কাদির জিলানি (রহ.) বলেন, সর্বপ্রথম মানুষ হজরত আদম (আ.)। সর্বশেষ্ঠ মানব হজরত মুহাম্মাদ (সা.)। সপ্তাহের সেরাদিন জুমা। বছরের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। বছরের সেরা মাস রমজানুল মোবারক (গুনিয়াতুত তালিবিন)।
কোরআন শরিফে শবেকদর বিষয়ে আল্লাহ বলেন, শপথ কিতাবের, আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয় (সুরা দোখান, ২-৪)।
হাদিসেও এই বরকতময় ভাগ্য রজনীর বহু ফজিলত বর্ণনা করা হয়েছে। আনাস বিন মালেক (র.) সূত্রে বর্ণিত, রসুল (সা.) বলেন, তোমাদের রোজার মাস দেওয়া হয়েছে। এ মাসে এমন এক সৌভাগ্যের রজনী রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হবে, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত (ইবনে মাজাহ)।
এছাড়াও রসুল (সা.) বলেন, যখন শবেকদর আসে, তখন জিবরাইল ফেরেশতা বিশাল বহর নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এই রাতে দাঁড়িয়ে বসে ইবাদতে জিকিরে ব্যস্তদের জন্য দোয়া করেন (বায়হাকি)।
শবেকদরের রাত নির্ধারণে বিভিন্ন মতামত পাওয়া থাকলেও ২৬ তারিখ দিবাগত ২৭ রোজার রাতকেই সবাই প্রাধান্য দিয়েছেন।
ইবনে আব্বাস (রা.) এ বিষয়ে বলেন, রসুলকে (সা.) একজন অসুস্থ বৃদ্ধ ব্যক্তি বললেন, রাতের নামাজ আমার জন্য কষ্টকর। আমাকে কদরের রাতের সন্ধ্যান দিন। রসুল (সা.) বললেন, তুমি ২৭ রোজার রথ আঁকড়ে ধরো (মুসনাদে আহমদ)।
হজরত ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত, রসুল (সা.) বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি শবেকদর রাতে ইচ্ছুক, সে যেন শেষ দশকের সপ্তম রাত ২৭-এর রাতের খোঁজ রাখে (বুখারি-মুসলিম)।
এছাড়া সাহাবি উবাই ইবনে কাব ও হজরত মুয়াবিয়া (রা.) ২৭ রোজার রজনীকে শবেকদর বলে মত দিয়েছেন (মুসলিম)।
শায়খুল হাদিস যাকারিয়া (রহ.) বলেন, এ রাতে পৃথিবীর সব বস্তু প্রভুর কুদরতি পায়ে সিজদাহ করে, বৃক্ষরাজি ও প্রাণীকুল আল¬াহর তাসবিহ পড়ে।











