কারখানার ধোঁয়ায় ১৬ গরুর মৃত্যু, প্রতিবাদ করায় হুমকি
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অবৈধ ব্যাটারি পোড়ানো কারখানার বিষাক্ত ধোঁয়ায় দুই মাসে ১৬টি গরুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে অসুস্থ হয়ে পড়েছে আরও ১০টি গরু। অভিযোগ উঠেছে- এসবের প্রতিবাদ করায় ক্ষতিগ্রস্তদের হুমকি দিচ্ছেন কারখানা মালিক।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। এই নদীর পাশেই চিরিরবন্দর অংশে নানিয়াটিকর গ্রামের আম ও লিচুর বাগানের ভেতরে ৪ মাস আগে ভিয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল মালেক অবৈধ ব্যাটারি পোড়ানোর কারখানা গড়ে তুলেন। কারখানাটির ফলে আশপাশের বহু আম, লিচু ও কাঠালের গাছ পুড়ে গেছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে কারখানার কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ, যা চলে ভোররাত পর্যন্ত। এই কারখানায় পুরাতন ব্যাটারি এনে পুড়িয়ে সীসা তৈরি করা হয়। এরপর সেই সীসাগুলো ট্রাকে করে ঢাকায় বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠানো হয়। কারখানাটি গড়ে উঠার দুই মাস পর থেকে একে একে ১৬টি গরুর মৃত্যু হয়েছে। বিষাক্ত ধোঁয়ার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে প্রায় ১০টি গরু।
গ্রামের বাসিন্দা সূর্য বালা বলেন, ‘হামার বহুত ক্ষতি হইছে। পাঁচ হাজার টাকায় মোক গরু বিক্রি করতে হলি। এই ব্যাটারি কোম্পানির কারণে মুই একেই বারেই শেষ হই গেছু। এখন মোর একখানই দাবি- এই ব্যাটারির কারখানা বন্ধ হোক।’
কৃষক পরেশ চন্দ্র বলেন, ‘ব্যাটারির কারখানার কারণে আমার একটা গরু মারা গেছে। একটা গরু অসুস্থ হয়ে বাড়িতে আছে। আমাদের ক্ষতি করে এমন কোনো ফ্যাক্টরি আমাদের গ্রামে দরকার নাই। তাই এই কারখানা বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’
কারখানার মালিক আব্দুল মালেক বলেন, পরিবেশ অধিদপ্তর তাকে আগামী ৫ মার্চের মধ্যে কারখানা সরিয়ে নিতে বলেছে। তিনি সেই সময়ের মধ্যে কারখানা সরিয়ে নিবেন।’
এ বিষয়ে চিরিরবন্দর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সারফরাজ হোসেন বলেন, ‘নানিয়াটিকর গ্রামে একাধিক গরুর মৃত্যুর খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ ছাড়া অসুস্থ গরুগুলোকে চিকিৎসা প্রদান করেছি। ব্যাটারি পোড়ানোর কারখানার বিষাক্ত ধোঁয়ার ফলে গরুগুলো মারা গেছে ও অসুস্থ হয়ে পড়েছে। এই কারখানা বন্ধ না হলে ভবিষ্যতে মানুষের জন্য ক্ষতি হতে পারে।’
দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরশি জানান, এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর কারখানাটি বন্ধ করতে কর্তৃপক্ষকে বলা হয়েছে। যদি তারা কারখানা বন্ধ না করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











