টিকা নিতে আসা শিক্ষার্থীদের লাঠিপেটা
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে করোনার টিকা নিতে গিয়ে লাঠিপেটার শিকার হয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, টিকাদান কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকেরা তাদের লাঠিপেটা করেন। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। সকাল ১০টার দিকে টিকা দেওয়া শুরু হলে আগে টিকা নিতে শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের নিয়োজিত ১০-১২ জন স্বেচ্ছাসেবক তাদের লাঠিপেটা শুরু করেন। লাঠিপেটা থেকে বাঁচতে শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে। অনেকেই পাশের নর্দমায় পড়ে আহত হয়। ওই কেন্দ্রে রেড ক্রিসেন্টের পোশাকধারী আরও ১০-১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছিলেন। তবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা কাউকে লাঠিপেটা করেননি। বিশৃঙ্খলা, হুড়োহুড়ি আর লাঠিপেটার ঘটনার পর অনেক শিক্ষার্থী টিকা না নিয়েই বাড়ি ফিরে যায়।
ভেলাজান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ‘সকাল ৯টা থেকে আমরা সবাই করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম। ভিড় বেড়ে যাওয়ায় সকাল ১১টার দিকে শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। নিয়ন্ত্রণের চেষ্টা না করেই টিকাদান কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকেরা লাঠিপেটা শুরু করেন। এতে ৮ থেকে ১০ জন শিক্ষার্থী আহত হয়।’
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ বলেন, টিকাগ্রহীতার সংখ্যা বেশি হওয়ায় তাদের মধ্যে ঠেলাঠেলি হয়েছে। এটা সামাল দিতে স্বেচ্ছাসেবকেরা হয়তো হাতে লাঠি নিয়েছিলেন। স্বেচ্ছাসেবকেরা হাতে লাঠি নিয়েছে, এটা শোনামাত্রই সেখানে গিয়েছি এবং তাদের হাত থেকে লাঠি সরিয়ে ফেলেছি।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, করোনার টিকা নিতে আসা ছাত্র-ছাত্রীদের লাঠিপেটা, এটা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।











