হাইকোর্টে খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট
নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন হাইকোর্টে পৌঁছানো হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থের রিপোর্টটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেয়।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কি তা জানাতে মেডিকেল রিপোর্ট চান হাইকোর্ট।
পরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়।
হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা, তাকে যে অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলা হয়েছিল, সেই অ্যাডভান্স ট্রিটমেন্ট দেয়া হচ্ছে কিনা এবং এই রকম অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তিনি সম্মতি জানিয়েছেন কিনা—তা লিখিতভাবে জানানো হয়েছে।
এই মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত বেগম জিয়ার জামিনের বিষয়ে আদেশ দিতে পারে।











