‘ইউপিডিএফ কর্মী’কে গুলি করে হত্যা
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার সকালে রাঙামাটি সদর উপজেলার দুর্গম বন্দুকভাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ইউপিডিএফ মুখমাত্র তাঁদের কর্মী নিহতের বিষয়টি নিশ্চিত করেননি।
গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক (রনি) জানান, আমরা বন্দুকভাঙ্গা এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়েছি। যেহেতু ঘটনাটি রাঙামাটি ও বরকল সীমান্তবর্তী দুর্গম এলাকায় এবং বরকল উপজেলা হতে কাছে। তাই ওখানকার পুলিশ লাশ উদ্ধারে রওয়ানা দিয়েছে।
ওসি বলেন, ‘লাশ উদ্ধারের পর বিষয়টি আরও পরিষ্কার হবে। তবে যতটুকু খবর পেয়েছি, নিহত ব্যক্তি প্রসীতপন্থী ইউপিডিএফের কর্মী।’
এদিকে নিহত ব্যক্তি নিজেদের কর্মী কিনা এ বিষয়ে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখমাত্র অংগ্য মারমার সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি জানিয়েছেন, এমন কোনো ঘটনা এখনো তিনি শুনেননি। খোঁজখবর নিয়ে জানাবেন।











