টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। আসরে প্রথমবারের মতো মাঠে নামা ওপেনার আব্দুল মজিদ ফিরে যান প্রথম ওভারেই।ক্রিজে গিয়েই ঝড় তোলেন চার্লস। দারুণ সঙ্গ পান ফ্লেচারের। দুই ক্যারিবিয়ান টপ অর্ডার ব্যাটসম্যানের ব্যাটে দ্রুত এগোয় সিলেট।
চার্লস পঞ্চাশ স্পর্শ করেন ২৫ বলে, ফ্লেচারের লাগে একটি বেশি। ২৮ বলে পঞ্চাশ স্পর্শ করা জুটি তিন অঙ্কে যান ৫২ বলে। জুটির পরের পঞ্চাশ আসে কেবল ১৭ বলে।চার্লসকে এলবিডব্লিউ করে ৭০ বল স্থায়ী ১৫০ রানের জুটি ভাঙেন শহিদুল ইসলাম। ক্যারিবিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান ৩৮ বলে ১১ চার ও পাঁচ ছক্কায় ফিরেন ৯০ রান করে।
সাজানো মঞ্চ কাজে লাগাতে পারেননি মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও নাজমুল হোসেন মিলন। ১৯তম ওভারে মোহাম্মদ আমিরকে বাউন্ডারি হাঁকিয়ে ফ্লেচার ছাড়িয়ে যান এবারের আসরে সর্বোচ্চ মুশফিকের ৯৬, পরের বলে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেন সেঞ্চুরি।
৫৩ বলে তিন অঙ্ক ছোঁয়া ফ্লেচার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৩ রানে। তার ৫৭ বলের ইনিংসটি গড়া পাঁচ ছক্কা ও ১১ চারে।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট থান্ডার: ২০ ওভারে ২৩২/৫ (ফ্লেচার ১০৩*, মজিদ ২, চার্লস ৯০, মিঠুন ৩, মোসাদ্দেক ১১, নাজমুল মিলন ১১, সোহাগ ০; ফ্রাইলিঙ্ক ৪-০-৩৭-২, আমির ৪-০-৪৫-০, শফিউল ৪-০-৪৪-১, শহিদুল ৪-০-৪৮-১, রবিউল ৩-০-৪৪-১, মিরাজ ১-০-১০-০)