নবীনগরে চলন্ত ট্র্যাক্টর থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
সঞ্জয় শীল, নবীনগর : নানা বাড়িতে বেড়াতে এসে চলন্ত ট্র্যাক্টর থেকে পড়ে এক স্কুল পড়–য়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার নাটঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও বকুল মিয়ার ছেলে খাইরুল বাশার (৬)। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে বিদ্যাকুট সিদ্ধেশ^রী এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, এক সাপ্তাহ আগে খাইরুল বাশার তার নানা এলেম খাঁর বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে সে ড্রাইভারের অগোচরে ট্র্যাক্টারে গিয়ে উঠে।
মালামাল আনতে ট্র্যাক্টরটি ছেড়ে দিলে সে চলন্ত ট্র্যাক্টর থেকে নামতে গিয়ে পড়ে যায়। আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে আনার পথিমধ্যে খাইরুল বাশার মারা যায়। শিবপুর ফাঁড়ির এ এস আই মশিউর রহমান বলেন, ট্র্যাক্টরে থেকে পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।











