সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজও খুলনায় বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

news-image

খুলনা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা। এরপরও খুলনায় বৃহস্পতিবার বাস চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, আজ সকালে খুলনা আন্তজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

এ ব্যাপারে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নূরুল ইসলাম বলেন, বাস শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, আলোচনা হয়েছে ট্রাক শ্রমিক ও মালিকদের সঙ্গে। তাই সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক ও চালকেরা।

আজ ও কাল (শুক্রবার) ঢাকায় শ্রমিক ফেডারেশনের বৈঠক আছে, ওই বৈঠকেই মূলত পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত হবে বলে জানান নূরুল ইসলাম।

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে গত সোমবার থেকে বাস চালানো বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকেরা। তারা জানিয়েছেন, নতুন সড়ক আইনে বাস ও চালকের কাগজপত্র হালনাগাদ থাকতে হবে। কিন্তু বেশিরভাগ বাস ও চালকের তা নেই। এ কারণে মালিক ও চালকেরা ভয়ে বাস চালাচ্ছেন না।

এ ছাড়া যেসব গাড়ি বা মাহেন্দ্র চলাচল করছিল, গতকাল বুধবার সকাল থেকে শ্রমিকেরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে তা আটকে দেয়। তাই বাধ্য হয়ে ইজিবাইকে করে গন্তব্যস্থলে ছুটেছেন মানুষ।