নবীনগরের গোসাইপুরে জোরপূর্বকভাবে বসত বাড়ি দখলের চেষ্টা, হুমকী
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বড়াইল ইউনিয়নের গোসাইপুর রাধানগর গ্রামে আবুল কালাম নামে এক ব্যাক্তি খরিদসূত্রে বসত বাড়ির মালিক হওয়া সত্বেও তাকে উচ্ছেদের পায়তারা করছে এলাকার প্রভাবশালী আলামিনসহ তার বাহিনী। আবুল কালাম রাধানগর চৌধুরী পাড়া গ্রামের ৯ নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। সরেজমিনে ঘুরে ও অভিযোগের ভিত্তিতে জানাযায়, বিগত ২০১২ সালে আবুল কালাম তার চাচা সুরুজ মিয়ার কাছ থেকে ্িব,এস ২২৬ দাগে ২ শতাংশ এবং একইদাগে ফুফুদের কাছ থেকে ১ শতক ১৯ পয়েন্টসহ সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ শতাংশ বসত বাড়ির ভূমি ক্রয় করে। এর পর তার পরিবার পরিজন নিয়ে বিগত ৮ বছর ধরে সেখানে দুচালা টিনের ভিট পাকা ঘর তৈরী করে বসবাস করছে।
চলতি বছরের অক্টোবর মাসে প্রভাবশালী আলামিন সাত্তার মিয়া নামক এক ব্যক্তির কাছ থেকে ২ শতাংশ ৩৮ পয়েন্ট জায়গা খরিদ করে আবুল কালামের বসত বাড়ি জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করে। এছাড়া আবুল কালামের পরিবারকে ভিটেবাড়ি উচ্ছেদসহ নানা রকম হুমকী প্রদান করে। ভূক্তভোগী আবুল কালাম জানান, বিগত ৮ বছর যাবৎ আমি আমার চাচা সুরুজ মিয়া ও ফুফুদের কাছ থেকে দলিল মূলে প্রায় সাড়ে ৩ শতাংশ ভূমি ক্রয় করে প্রায় ৫ লাখ টাকা খরচ করে একটি দু’চালা টিনের ভিট পাকা ঘর তৈরী করে পরিবার নিয়ে বসবাস করে আসছি। আমাদের রাধানগর গ্রামের আরেক প্রতিবেশী সাত্তার মিয়া নামক এক ব্যক্তির কাছ থেকে কিছুদিন আগে ২ শতক ৩৮ পয়েন্ট জায়গা খরিদ করে জোরপূর্বকভাবে আমার বসত ভিটাবাড়ি দখলের চেষ্টা করছে। আলামিন শুধু ভিটেবাড়ি দখল নয় আমার পরিবারকে প্রানে মেরে ফেলার হুমকীও দিচ্ছে।
এখন আমি পরিবার পরিজন নিয়ে বাড়িতে বসবাস করতে গিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। এলাকাবাসী জানায়, আবুল কালাম বৈধভাবেই চাচা ও ফুফুদের কাছ থেকে জায়গা ক্রয় করে মালিকানা মূলে বসত করে আসছে। আমাদের গ্রামেরই চান মিয়ার ছেলে আলামিন সাত্তার মিয়া নামক এক ব্যক্তির কাছ থেকে জায়গা ক্রয় করে আবুল কালামের বসত বাড়ি অন্যায়ভাবে পেশী শক্তি খাটিয়ে দখলের চেষ্টা করছে। যা কোনভাবেই ন্যায় সঙ্গত নয়। সাত্তার মিয়ার কাছ থেকে আলামিন যে জায়গাটি ক্রয় করেছে বাস্তবে এ জায়গার কোন অস্তিত্ব নেই। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় অন্যায়ভাবে অনেক কিছু করার চেষ্টা করে থাকে। বর্তমানে আবুল কালাম বৃদ্ধ বাবা ও পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
স্থানীয় ইউপি মেম্বার মোঃ খালেক বলেন, আমরা এ বিষয়টি নিয়ে আমি আলামিনের সাথে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু সে আমাদেরকে কিছু না জানিয়ে এখানে এসে তাদের পরিবারের মাঝে জায়গা কিনে ঝামেলা সৃষ্টি করছে। আমার বিষয়টি মীমাংসার চেষ্টা করেও তা সমাধান করতে পারিনি। আলামিন অন্য দূরবর্তী জায়গা থেকে এসে সাত্তার মিয়ার কাছ থেকে ভূমি ক্রয় করে অহেতুক একটি ঝামেলার সৃষ্টি করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত আলামিন বলেন, আমি জোরপূর্বকভাবে জায়গা দখল করতে যাইনি। আমার বিরুদ্ধে হুমকীর অভিযোগও মিথ্যে।











