ধরা পড়ল কারাগারের দেয়াল টপকানো মোখলেছ
চাঁদপুর প্রতিনিধি : দুই বছর আগে চাঁদপুর জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মোখলেছুর রহমানকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে গোপন সংবাদের ভিত্তিতে কৌশলে তাকে গ্রেফতার করতে সক্ষম হন কমলাপুর রেলওয়ে থানার ওসি রবিউল হোসেন।
এর আগে ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর চাঁদপুর জেলা কারাগারের যমুনা-২ বন্দিশালা থেকে কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান মোখলেছুর রহমান । তার এভাবে পালিয়ে যাবার ঘটনায় তখন তিনজন কারারক্ষীকে চাকরি থেকে বরখাস্ত করে কারা কর্তৃপক্ষ। বরখাস্তরা হচ্ছেন প্রধান কারারক্ষী মো. শরীফউল্লাহ, সহকারী কারারক্ষী হেদায়েত উল্লাহ এবং নাজমুল হাসান।
চাঁদপুর সদর মডেল থানার এসআই এবং কারাগার থেকে বন্দি মোখলেছুর রহমান পালিয়ে যাওয়া মামলার কর্মকর্তা প্রহ্লাদ রায় জানান, সোমবার বিকেলে তার কাছে গোপন সূত্রে তথ্য আসে যে, মোখলেছুর রহমান নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ট্রেনযোগে কমলাপুর রেলস্টেশনে যাচ্ছে। এমন সংবাদটি তাৎক্ষণিক তিনি কমলাপুর রেলস্টেশন থানার ওসি রবিউল হোসেনকে জানান। ওসি প্রাপ্ত ছবির ভিত্তিতে মোখলেছুর রহমানকে ট্রেনের একটি বগি থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
প্রহ্লাদ রায় আরো জানান, মোখলেছুর রহমানকে সোমবার রাতের মধ্যে চাঁদপুরে পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
২০১৪ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর এলাকায় আপন দাদির গলা থেকে সোনার চেইন চুরি করতে যায় মোখলেছুর রহমান। এ সময় দাদিকে গলা টিপে হত্যা করে সোনার চেইন নেয়ার সময় হাতেনাতে ধরা পড়ে মোখলেছ। পরে এই ঘটনায় মতলব উত্তর থানায় হত্যা মামলা হয়। গত বছর চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত ওই মামলায় রায়ে মোখলেছুর রহমানকে মৃত্যুদণ্ড প্রদানের আদেশ দেন।
চাঁদপুর জেলা কারাগারের জেলার আবু মুসা জানান, আদালতের মাধ্যমে পুলিশ নানা প্রক্রিয়া শেষে আবারো পালিয়ে যাওয়া বন্দি মোখলেছুর রহমানকে জেলা কারাগারে পাঠাবে।











