এরশাদের স্বপ্ন পুরণে কাজ করতে চান সাদ
রংপুর ব্যুরো : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাস্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন জাতীয় পার্টি প্রার্থী রাহগীর আল মাহী সাদ এরশাদ। প্রচারণার সপ্তম দিনে আজ সোমবার নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
আজ সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীসহ নগরীর মাহিগঞ্জ বাজারে গণসংযোগ করেন। পরে মাহিগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় করেন সাদ এরশাদ। এসময় উপস্থিত ছিলেন সাদ এরশাদের স্ত্রী মহিমা সাদ এরশাদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক সম্পাদক মুনশী আব্দুল বারী ও জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী রামকৃষ সোমানী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন দুলাল প্রমুখ।
এসময় তিনি বলেন, এরশাদকে সারাবিশ্বের মানুষ ভালোবাসতেন। কিন্তু এরশাদের প্রতি রংপুরের মানুষের ভালোবাসা একটু অন্যরকম। চিরন্তন। আমি এরশাদের ভালোবাসার ঋণ শোধ করতে চাই। তাঁর স্বপ্নের উন্নয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার কাজে প্রবীণদের পরামর্শে তরুণদের সাথে নিয়ে কাজ করতে চাই।











