রংপুর উপ-নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
রংপুর ব্যুরো : রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের আংশিক এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে । কুশল বিনিময় শেষে ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।
বৃহস্পতিবার দুপুরে নগরীর দর্শনাস্থ প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের পল্লী নিবাসে সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাদ এরশাদ । তিনি বলেন, রংপুরের মানুষ আমাকে ভালবেসে প্রার্থী করেছে। আমি নির্বাচিত হলে রংপুরের উন্নয়নের জন্য সব করব। যেখানে যাচ্ছি, সেখানেই মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে। পরে তিনি নগরীর মর্ডান মোড়, পার্কের মোড়, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
অপরদিকে সতন্ত্র প্রার্থী প্রয়াত সাবেক এরশাদের ভাতিজা সাবেক এমপি আসিফ শাহারিয়ার নগরীর বাহার কাছনা, তপোধন, খলিশাকুড়ি,মাস্টারপাড়ায় ভোটারদের বাড়িতে মোটর গাড়ি প্রতীকে ভোট চাইছেন। এ সময় আসিফ বলেন, রংপুরের মানুষ এবার আর ভুল করবে না। জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা নেই। দলে কোন্দলের কারণে দলটির নেতাকর্মীরা সাদ এরশাদকে বয়কট করেছে। আমি রংপুরের সন্তান, মানুষ এবার আমাকেই ভোট দেবে।
অন্যদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রিটা রহমান নগরীর হনুমানতলা, চিকলি, রাধাবল্লভ, নিউ জুম্মাপাড়ায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, আমি রংপুরের মেয়ে, এখানে আমার জন্ম। তাই নিরপেক্ষ নির্বাচন হলে জয়লাভ করব।
এদিকে গণফ্রন্টের প্রার্থী কাজী শহিদুল্লাহ, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজু ,এনপিপির শফিউল আলম নির্বাচনে অংশ নিলেও প্রচারণায় তাদের দেখা যায়নি।
রংপুরের রিটানিং কর্মকর্তা সহাতাব উদ্দিন জানান, প্রচারণায় নির্বাচন কমিশন দৃষ্টি রাখছে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন রোধে নির্বাচন কমিশন প্রার্থীদের দিক নির্দেশনা দিয়েছে। কেউ আচরণ বিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা নেয়া হবে।











