রাবিতে নেই ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসার ব্যবস্থা
রাজশাহী প্রতিনিধি : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশব্যাপী একাধিক মৃত্যুর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্তত নয় শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এদিকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেই ডেঙ্গু শনাক্তকরণ বা চিকিৎসার ব্যবস্থা। এতে আতঙ্কে দিন পার করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হতে ও প্রয়োজনীয় ব্যবস্থা আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত ৯ শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে তারা ঢাকায় আক্রান্ত হয়ে রাজশাহী ফিরেছেন। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মশা নিধনে ক্যাম্পাসের অভ্যন্তরের ড্রেন, আগাছা, জঙ্গল পরিষ্কার ও ওষুধ প্রয়োগের দাবি ওঠে। গত বৃহস্পতিবার মশা নিধনে উপাচার্যকে স্মারকলিপীও দেয় শিক্ষার্থীরা। একই দিন ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালায় রাবি ছাত্রলীগ। শনিবারও মতিহার হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন ওষুধ ছিটানো হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসা কেন্দ্রটিতে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসার ব্যবস্থা নেই বলে খোঁজ নিয়ে জানা গেছে। অতিদ্রুত চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষার্থী ও শিক্ষার্থীদের দাবি জানিয়েছেন।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সবুজ পারভেজ বলেন, ডেঙ্গু সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত এখনই ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া। চিকিৎসা কেন্দ্রে অবিলম্বে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একবার সংক্রমণ শুরু হয়ে গেলে তা বিরাট আকার ধারণ করতে পারে।
এবিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু বলেন, ডেঙ্গু আক্রান্তরা বাইরে থেকে আক্রান্ত হয়ে ক্যাম্পাসে এসেছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রবিবার আমরা ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় সভার আয়োজন করেছি।
তিনি আরও বলেন, এরই মধ্যে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। চলতি সপ্তাহ থেকে আমরা বিশ^বিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসার ব্যবস্থা করব।











