রাজবাড়ীতে গৃহবধূ শারমিনের মৃত্যু: একটি ফাইনাল রিপোর্ট অনেক প্রশ্ন
নিউজ ডেস্ক।। রাজবাড়ীর গৃহবধূ শারমিন আক্তারের মৃত্যুর ঘটনায় আদালতে দায়ের হত্যা মামলার ফাইনাল রিপোর্টে পুলিশ বলেছে, ‘অতিরিক্ত ও অনিয়মিত ঋতুস্রাব এবং পেটের ব্যথা সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে শারমিন আত্মহত্যা করেছেন।’ এর পক্ষে পুলিশ ফরিদপুরের একটি ডায়াগনস্টিক সেন্টার ও এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের পুরনো চারটি ব্যবস্থাপত্রও জমা দিয়েছে। তবে তার পরিবার বলছে, শারমিন কখনও রাজবাড়ী থেকে ফরিদপুরে গিয়ে চিকিৎসা নেয়নি। শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে হত্যা করেছে। বিষয়টি ধামাচাপা দিতে পুলিশকে টাকা দিয়ে আত্মহত্যার কথা উল্লেখ করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।
গত ১০ মার্চ সকালে রাজবাড়ীর গোয়ালন্দ থানার উজানচর ইউনিয়নের চররোনেশন গ্রামে শ্বশুরবাড়ির উঠান থেকে শারমিনের লাশ উদ্ধার করে পুলিশ। তার স্বামী ইব্রাহীম শেখ কাতারে থাকেন। এই দম্পতির দুটি শিশু সন্তান রয়েছে। পরিবার হত্যার অভিযোগ তুললেও পুলিশ আত্মহত্যার মামলা নেয়। এরপর শারমিনের মা আদালতে হত্যা মামলা করেন। সেই মামলায় গত ২২ এপ্রিল আদালতে ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয়। শারমিনের আত্মহত্যা হিসেবে পুলিশ যে কারণ উল্লেখ করেছে এবং এর পক্ষে চিকিৎসকের যে ব্যবস্থাপত্র আদালতে জমা দিয়েছে- সেসব নিয়ে সন্দেহ এবং ফাইনাল রিপোর্ট নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তার মৃত্যুর ঘটনায় বিভিন্ন নথি ঘেঁটে প্রথম থেকে মামলার ফাইনাল রিপোর্ট দেওয়া পর্যন্ত পুলিশের নানা অসংলগ্নতার তথ্য মেলে।
শারমিনের স্বজনরা বলছেন, তার মৃত্যুর ঘটনাটি যে আত্মহত্যা হিসেবে সাজানো হচ্ছে, স্থানীয় থানা পুলিশের আচরণে শুরুতেই তারা তা আঁচ করতে পেরেছিলেন। শারমিনের মা মেয়ে হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করলে পুলিশ ক্ষিপ্ত হয়ে ‘বিচার কীভাবে পায়’ তা দেখিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল।
শারমিনের বাবা আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন যৌতুক না পেয়ে মেয়েকে মেরে আত্মহত্যার নাটক সাজায়। থানার ওসিকে পাঁচ লাখ টাকা দিয়ে মামলার তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্ট তাদের পক্ষে নেয়। তার মা আলেয়া বেগম বলেন, তার মেয়েকে মারধর এবং যৌন নির্যাতন করে হত্যা করা হয়েছে। বিষয়টি বারবার পুলিশকে বললেও তা আমলে নেয়নি। উল্টো হুমকি-ধমকি দিয়েছে। তিনি বলেন, শারমিনের দুটি মেয়ে রয়েছে। পুলিশ আত্মহত্যার যে কারণ উল্লেখ করেছে তাতে একটি মানুষ মরতে পারে না। মেয়ের এমন রোগের কথাও তিনি শোনেননি।
গোয়ালন্দ থানার উপপরিদর্শক শহর আলী শারমিনের লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, ‘মাথার পেছনের চুলের গোড়ায় গড়িয়ে যাওয়া রক্তের দাগ, দাঁত কামড় দেওয়া অবস্থায় আছে। …মলদ্বারে কোনো মল ছিল না, তবে মাসিকের রক্ত দেখা যায়। মৃতা প্রস্রাব করেছিল।’ অবশ্য পরিবারের পক্ষ থেকে শারমিনকে যৌন নিপীড়ন বা যৌনাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ তোলা হলেও সুরতাল প্রতিবেদন ফরমে থাকা নির্ধারিত ছকে পুলিশ এর কিছুই উল্লেখ করেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন ফরেনসিক বিশেষজ্ঞ সমকালকে বলেন, কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে সাধারণত তার জিহ্বা বের হয়ে যাবে, মলদ্বারে মল থাকবে। চুলের গোড়ায় রক্ত থাকার কথা নয়। যৌনাঙ্গে কিসের রক্ত-তা বলবে ময়নাতদন্তকারী চিকিৎসক, পুলিশ নয়।
যৌনাঙ্গে থাকা রক্ত ঋতুকালীন ছিল কি-না, তা নিশ্চিত হলেন কীভাবে এবং এই রক্ত কিসের তা পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে আবেদন করা হয়নি কেন- জানতে চাইলে শহর আলী বলেন, তিনি মৃতার চাচাতো ভাবি হাফেজা খাতুনের মাধ্যমে লাশ ওলটপালট করে যে চিত্র পেয়েছেন তাই সুরতহালে লিখেছেন। সাক্ষী হাফেজা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শারমিনের শরীরে আঘাতের চিহ্ন ছিল। যৌনাঙ্গ ও পায়ুপথ ছিঁড়ে একাকার অবস্থায় তিনি দেখেছেন। এর সবকিছুই তিনি পুলিশকে বলেছেন।
মামলার নথি ঘেঁটে ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপপরিদর্শক শহর আলী অস্বাভাবিক মৃত্যুর মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন। আদালতে দায়ের মামলারও তদন্ত করেন তিনি। মামলার আসামিদের গ্রেফতার তো দূরের কথা, তাদের জিজ্ঞাসাবাদও করেননি। তার সন্দেহজনক কর্মকাণ্ডে অনাস্থা এনে তাকে তদন্তের দায়িত্ব থেকে প্রত্যাহারের লিখিত আবেদন জানিয়েছিলেন বাদী। রহস্যজনক কারণে তাকে সরানো হয়নি। শেষ পর্যন্ত সেই তদন্ত কর্মকর্তাই ওই গৃহবধূর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেন।
এ ব্যাপারে গোয়ালন্দ থানার ওসি মো. এজাজ শফী বলেন, ওই গৃহবধূ অনিয়মিত মাসিক ও পেটের যন্ত্রণায় ভুগে যে চিকিৎসা নিয়েছেন চিকিৎসকের সেই ব্যবস্থাপত্রও তারা জব্দ করে চার্জশিটের সঙ্গে আদালতে জমা দিয়েছেন। বাদী পক্ষের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘তদন্ত পক্ষে না গেলে অনেকেই অনেক কথা বলেন। শ্বশুরবাড়িতে মরলে সব মৃত্যুই হত্যা দাবি করা হয়। তবে ময়নাতদন্ত রিপোর্টেও এটি আত্মহত্যা এসেছে।’ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে করা শারমিনের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’র কথা উল্লেখ রয়েছে। যদিও শারমিনের পরিবার আগেই রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কাছে আবেদন করে নিজেদের শঙ্কার কথা জানিয়ে সুষ্ঠু ময়নাতদন্তের দাবি জানিয়েছিল।
শারমিনের ভাই মিজানুর রহমান বলেন, শারমিনের লাশ মর্গে নেওয়ার পর তারেক আনাম নামে এক চিকিৎসক থানার ওসির সঙ্গে ফোনে কথা বলেন। এরপর তিনি বলেছিলেন, ‘এই মৃত্যুর রিপোর্ট বাদীর পক্ষে যাবে না।’ এতে সন্দেহ হওয়ায় তারা সুষ্ঠু ময়নাতদন্তের দাবি করে সিভিল সার্জনের কাছে আবেদন করেছিলেন। শারমিনের ময়নাতদন্তকারী চিকিৎসক রাজবাড়ী জেলা হাসপাতালের মেডিকেল অফিসার এসএম তারেক আনাম বলেন, তিনি কাউকে এমন কিছু বলেছিলেন কি-না, তা মনে করতে পারছেন না। তবে বোর্ড গঠন করে শারমিনের লাশের ময়নাতদন্ত করা হয়েছিল। এতে আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে।
আদালতে জমা দেওয়া শারমিনের চিকিৎসাসংক্রান্ত ব্যবস্থাপত্রে দেখা যায়, ফরিদপুরে সুপার ডায়াগনস্টিক সেন্টার নামে রোগ নির্ণয়ের একটি প্রতিষ্ঠানে ২০১৬ সালের ফেব্রুয়ারি, ২০১৭ সালের আগস্ট ও নভেম্বরে তিনটি আল্ট্রাসনোগ্রামের প্রতিবেদন রয়েছে। এ ছাড়া ২০১৬ সালের ১৩ ডিসেম্বর ফরিদপুরের ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়ার একটি ব্যবস্থাপত্র জমা দিয়েছে পুলিশ। ওই ব্যবস্থাপত্রের নিচে চিকিৎসক আফরোজা পারভীন মুনমুনের স্বাক্ষর রয়েছে। তবে ব্যবস্থাপত্রগুলোতে রোগী হিসেবে শারমিনের নাম লেখা থাকলেও ঠিকানা লেখা নেই। শুধু একটি ব্যবস্থাপত্রে ঠিকানার জায়গায় নগরকান্দা লেখা রয়েছে।
চিকিৎসক মুনমুনকে মেইল করে তার নামে থাকা ব্যবস্থাপত্রটি পাঠালে তিনি বলেন, হাতের লেখাটি তার। কিন্তু যেই শারমিন মারা গেছেন, এই শারমিনেরই চিকিৎসা করেছেন কি-না তা তার মনে থাকার কথা নয়। তাছাড়া যে রোগের ওষুধ লেখা হয়েছে সেই রোগে একজন মানুষ আত্মহত্যা করতে পারেন কি-না তা নিয়ে ব্যক্তিগতভাবে তার সন্দেহ রয়েছে।
শারমিনের বড় ভাই বলেন, তারা সুষ্ঠু তদন্ত দাবি করে রাজবাড়ীর জেলা প্রশাসক, এসপি, সিভিল সার্জন, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের আইজিপিস কমপ্লেইন মনিটরিং সেলেও আবেদন করেছিলেন। কোথাও বোনের হত্যার বিচার পাননি। এখন তারা বোনের লাশের পুনঃময়নাতদন্ত এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে তদন্ত করার জন্য আদালতে আবেদন করেছেন। উৎস: সমকাল।










