শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলার হালি ১০০ টাকা!

news-image

নিউজ ডেস্ক।। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক হালি দেশি কলা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আজ শুক্রবার চতুর্থ রমজানে হাটহাজারী পৌরসভার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শারমিন আক্তার নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, ‘রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেসব পণ্যের দাম আগেই বাড়িয়ে দেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। রোজার আগে বাজারে এক ডজন কলার দাম ছিল ৭০ থেকে ১২০ টাকা। অথচ দুই-এক দিনের মধ্যে তা বেড়ে হয়েছে ৩০০ টাকা। ফলে যে কলাটি সাত থেকে আট টাকা দরে কিনতাম, তা এখন কিনতে হচ্ছে ২৫ টাকা দরে।’

নাম প্রকাশ না করার শর্তে হাটহাজারী পৌরসভা এলাকার এক কলা বিক্রেতা দাম বাড়ার কথা স্বীকার করে বলেন, ‘পাইকারি মজুদদাররা কম দামে আনলেও কৃত্রিম সংকট দেখিয়ে রমজানে আমাদের কাছে তা বেশি দামে বিক্রি করছে। তাই আমাদেরকে খুচরা বিক্রির ক্ষেত্রে চড়া দামে বিক্রি করতে হচ্ছে।’

এদিকে আজ সকালে উপজেলার কাটিরহাট বাজার মনিটরিংয়ের সময় চড়া দামে কলা বিক্রি করায় এক বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।