নুসরাতের চিকিৎসা বিষয়ে আজও সিঙ্গাপুরে কথা বলা হবে : সামন্ত লাল
নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির চিকিৎসা বিষয়ে আজ বুধবার সকাল ১১টায় আবারও সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের সঙ্গে ভিডিও কনফারেন্স করে কথা বলা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। আজ বুধবার সকালে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘নুসরাতের অবস্থা আগের মতোই আছে। সে এখনও শঙ্কামুক্ত নয়। আজকে আমরা আবার সিঙ্গাপুরে তার চিকিৎসার বিষয়ে কথা বলব।’
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় রাফির চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মেডিক্যাল বোর্ড। এরপরই সকাল সোয়া ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী তার অস্ত্রোপচার চলে। লাইসাপোর্টে রেখেই দুই ঘন্টাব্যাপী এই অস্ত্রোপচার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে বোরকা পরা ৪-৫ জন ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। কালের কণ্ঠ অনলাইন










