‘গাজীপুরের জনসভা থেকে সরে আসা আন্দোলনের কৌশল’
ডেস্ক রির্পোট :সব ধরনের প্রস্তুতি নেয়ার পরও গাজীপুরের জনসভা করা থেকে সরে আসাকে আন্দোলনের কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আন্দোলনের বিভিন্ন কৌশল থাকে। গাজীপুরে সরকারের বাধায় ঘোষণার পরও সমাবেশ না করা আন্দোলনের কৌশলেরই অংশ। আজ সকালে কৃষকদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। মির্জা আলমগীর জানান, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তিই হচ্ছে কৃষক ও কৃষি। সেই কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে শহীদ জিয়াউর রহমান কৃষকদের সংগঠিত করেছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, বিএনপি নিজের সামর্থ্য ও জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করে। কারও করুণায় নয়। বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছিল। জনগণকে সঙ্গে নিয়েই এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। তাই বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে যারা বলছে, তাদের বক্তব্য অমূলক। এ সময় কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক তকদীর হোসেন জসিম ও এমএ তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।











