অভিযান অব্যাহত॥ কিন্তু খোঁজ নেই শিশু জিয়াদের
ডেস্ক রির্পোট : রাজধানীর শাহজাহানপুরে নলকূপে পড়ে যাওয়া শিশু জিয়াদকে উদ্ধারের অভিযান চলছে। কিন্তু এখনো তার খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকাজে নিয়োজিতরা বলছেন, তারা অত্যাধুনিক ক্যামেরা পাঠিয়েও সেখানে কোনো শিশুর অস্তিত্ব জানতে পারেননি। তাদের মতে, শিশুটি সেখানে নেই। শিশুটির অবস্থান জানতে পুলিশ তার মা-বাবার শরণাপন্ন হয়েছে।
তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গতকাল সাড়ে ৪টা থেকে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশীরা টেলিভিশনে চোখ রেখে শিশুটিকে উদ্ধারে অভিযান প্রত্যক্ষ করেন। জিয়াদ নামে শিশুটি চার শ’ থেকে পাঁচ শ’ ফুট গভীর একটি নলকূপে পড়ে গেছে বলে খবর প্রচারের পর তাকে উদ্ধারের জন্য চলে রাতভর অভিযান। প্রাথমিক নানা চেষ্টা ব্যর্থ হওয়ার পর অত্যাধুনিক একটি ক্যামেরা পাঠিয়ে কূপের ভেতর নিখোঁজ শিশুটির সন্ধান করা হয়। কিন্তু রাত আড়াইটায় ক্যামেরা প্রায় ৭০০ ফুট গভীরে পাঠিয়ে যে ছবি পাওয়া যায়, তাতে একখণ্ড কাপড় ছাড়া শিশুটিকে পাওয়া যায়নি।
উদ্ধার অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ক্যামেরা শেষ মাথায় পৌঁছেছে। সেখানে টিকটিকি ও ব্যাঙের অস্তিত্ব দেখা গেছে। কিন্তু নিখোঁজ শিশুটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
রাত ২টা ৪৭ মিনিটে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরাটি উঠিয়ে আনা শুরু হয়। রাত ২টা ৪৫ মিনিটে উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান জানান, পাইপের তলদেশে যেসব বস্তু দেখা যাচ্ছে তা গ্রিপার নামক একটি যন্ত্র দিয়ে তুলে আবারো ক্যামেরা পাঠিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী আহমদ বলেন, শতভাগ নিশ্চিত না হয়ে উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হবে না।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, উচ্চ ক্যামেরা দিয়ে পাইপের মধ্যে কোনো মানবের সন্ধান পাওয়া যায়নি। প্রয়োজনে আবারো অনুসন্ধান করা হবে।
যেখান থেকে শুরু : বিকেলে ছড়িয়ে পড়ে যে রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে বন্ধুদের সাথে খেলছিল চার বছরের শিশু জিয়াদ। হঠাৎ পা ফসকে পড়ে যায় একটি পাইপে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে শিশুটি। তাকে উদ্ধারে দৌড়ে আসে বন্ধুরা। ততক্ষণে ছোট্ট জিয়াদ পাইপের গভীর নিচে চলে গেছে। এ সময় খেলার সাথীদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলেও অসহায় হয়ে চেয়ে থাকা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। কেননা পাইপের ব্যাস কম। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে কলোনির মাঠসংলগ্ন ওয়াসার ওই পাইপের খোলমুখ দিয়ে নিচে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার ব্রিগেড, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থা। ওয়াসার ওই পাইপটি প্রায় ৪০০ ফুট গভীর। কেউ কেউ বলছেন ৬০০ ফুট।











