বরিশালের বানারীপাড়ায় পাল্টা-পাল্টি গুলি ছোড়ার অভিযোগ
বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলায় বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় যুবলীগ-ছাত্রলীগ এবং বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে পাল্টা-পাল্টি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে বানারীপাড়া উপজেলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা বলেন, সেনাবাহিনীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সান্টু চারটি মাইক্রোবাস ও ৫-৭টি মোটরসাইকেল নিয়ে বানারীপাড়ায় আসেন। বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হাতুড়ি নিয়ে বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা চালায়। এ সময় সান্টু গাড়ি থেকে বের হলে তার ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা সান্টুর গাড়িসহ চারটি মাইক্রোবাসে ভাঙচুর চালায়। এরপর সান্টু নেতাকর্মীদের নিয়ে উজিরপুরের গুঠিয়ার বাড়িতে ফিরে যান। হামলায় ১০-১২ নেতাকর্মী আহত হয়েছেন।
উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সরদার মাইনুল বলেন, বানারীপাড়া উপজেলা বাসস্ট্যান্ডে পৌঁছলে বিএনপি প্রার্থী সান্টুর গাড়িবহরে হমলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা হামলার প্রতিরোধ করতে গেলে সান্টুর গাড়িসহ বহর লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছোড়া হয়।
আত্মরক্ষার্থে বিএনপি প্রার্থী সান্টুর গাড়ি থেকে নেমে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। পরে বানারীপাড়ার কর্মসূচি বাতিল উজিরপুরের গুঠিয়ার উদ্দেশ্যে রওনা হন সান্টু। পথিমধ্যে রায়েরহাট, গুয়াচিত্রা ও নারায়নপুর এলাকায় হামলা চালায় আওয়ামী লীগ সমর্থকরা। হামলায় বিএনপির মিরাজ, শাহিন, পাভেল ও জনি মোল্লাসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত কুন্ডু বলেন, বিএনপি প্রার্থী সান্টু সন্ত্রাসীদের নিয়ে বানারীপাড়ায় আসলে এলাকাবাসী তাদের পথরোধ করে। এ সময় সান্টু পিস্তল দিয়ে ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে এবং বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ-যুবলীগের শফিকুল ইসলাম দুলাল তালুকদার (৪০), মশিউর রহমান সুমন (৩৫), সবুজ খান (৪০), রাজু খান (২৮) ইব্রাহিম(২৪), শাহিন সরদার (৩৩), রাহাত মাল (২৬) সুজন খানসহ ১১ জন নেতাকর্মী আহত হন। আহতদের স্থানীয় ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, হামলা ও সংঘর্ষের খবর পেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ এবং ওসি খলিলুর রহমানসহ বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে যান। এ ঘটনার পর পৌর শহরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
বানারীপাড়া থানা পুলিশের ওসি খলিলুর রহমান বলেন, সান্টুর গাড়িবহর থেকে হামলা চালানো হয়েছে। এমনকি সান্টু পিস্তল দিয়ে ৪ রাউন্ড গুলি ছোড়েছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, আমার গাড়িবহর লক্ষ্য করে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ৬ রাউন্ড গুলি বর্ষণ করেছে। হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর করেছে। আমাকে মারধর করলে নেতাকর্মীকে আমাকে রক্ষা করে। হামলায় আমিসহ আমার ১০ নেতাকর্মী আহত হয়েছেন।











