একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের কয়েকটি উল্লেখযোগ্য বই
ডেস্ক রির্পোট :এবার বিজয় দিবস সামনে রেখে প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজনের বিষয় দেশি-বিদেশি লেখকদের কয়েকটি উল্লেখযোগ্য বই। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো এসব বইয়ের নির্বাচিত অংশ থেকে। আজকের নির্বাচিত বই জিম ম্যাকিনলের লেখা ডেথ টু লাইফ: বাংলাদেশ, অ্যাজ এক্সপিরিয়েন্সড বাই এ মিশনারি ফ্যামিলি। আমেরিকান মিশনারি জিম ম্যাকিনলে ১৯৭১ সালে নোয়াখালীর ফেনীতে সপরিবারে বাস করছিলেন। যুদ্ধের নয় মাস তিনি দেশের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে ঘুরে বেড়িয়েছেন। ডিসেম্বরে তিনি সপরিবারে অবস্থান করেছিলেন ঢাকায়। তাঁর লেখা ডেথ টু লাইফ: বাংলাদেশ বইতে তাঁর সেসব প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ রয়েছে।
ডেথ টু লাইফ: বাংলাদেশ, অ্যাজ এক্সপিরিয়েন্সড বাই এ মিশনারি ফ্যামিলিশেষ পর্যন্ত ১২ ডিসেম্বর ইভাকুয়েশন বিমান ঢাকায় অবতরণ করল। মার্কিন বিমানবাহিনীর সি-১৩০ বিমান আমরা ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে দেখলাম। সন্ধ্যার আগেই ইভাকুয়েশনের কাজ সম্পূর্ণ হলো।…
১৪ ডিসেম্বর সকালে টেলিফোন বেজে উঠল। আমাদের খ্রিষ্টান বন্ধু সুধীর অধিকারী ফোন করেছেন। সুধীর বললেন, ‘মিস্টার ম্যাকিনলে, রানী খুব অসুস্থ। ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কি?’ আমি দ্রুত জবাব দিলাম, ‘ঠিক আছে, আমি এখনই আসছি।’
কিন্তু সুধীর বললেন, ‘এখন তো কারফিউ চলছে। আপনি আসবেন কীভাবে?’ আমি জবাব দিলাম, ‘কীভাবে জানি না, তবে এখনই আমি বের হচ্ছি।’
সুধীরের স্ত্রী রানীর সঙ্গে ফরিদপুরে আমাদের পরিচয়। ওরা থাকে গেস্ট হাউস থেকে তিন ব্লক দূরে। সুধীরের গলা টেলিফোনে খুব বিপদগ্রস্তের মতো শোনাচ্ছিল। …আমি দ্রুত গাড়ি নিয়ে ফাঁকা রাস্তায় বের হয়ে এলাম। কিছুক্ষণ পরই পথ-অবরোধে পুলিশ আটকালে আমি খুব জোরের সঙ্গে বললাম, ‘আমি হাসপাতালে যাচ্ছি। আপনারা কেউ আমার সঙ্গে যাবেন কি?’ উত্তর এল, ‘না, ঠিক আছে, আপনি যান।’ এটাই আমি চেয়েছিলাম। কয়েক মিনিটের মধ্যে সুধীরদের বাড়ির তালাবদ্ধ গেটের সামনে পৌঁছে গেলাম।
নিচু দিয়ে উড়ে আসা ভারতীয় বিমান তখন কাছের আধাসামরিক বাহিনীর ঘাঁটি আক্রমণ করছিল। সুধীর দৌড়ে এলেন, তাঁর চোখেমুখে ভয় ও দুর্দশার ছাপ। আমি জিজ্ঞেস করলাম, ‘রানী কেমন আছে?’ তিনি বললেন, ‘ও আসছে।’ রানীকে দেখে মনে হলো অসুস্থতার চেয়ে বেশি তিনি বিচলিত। মাথার ওপর দিয়ে বিমান উড়ে গেলে আমরা দেয়ালের কাছে আশ্রয় নিলাম। তখন সুধীর বললেন ভয়ংকর ঘটনার কথা। ‘গত রাতে আমাদের বিল্ডিং থেকে ডক্টর সিদ্দিক আহমদকে ধরে নিয়ে গেছে। আমি জানি তালিকায় আমার নামও রয়েছে। আমাদের কি আপনি নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারেন?’ কাছে এসে দাঁড়াল এক মুসলমান ভদ্রলোক, বলল, ‘পরে ফিরে এসে কি আমার পরিবারকেও নিয়ে যেতে পারেন?’
দ্রুত হাতে মূল্যবান কিছু মালপত্র গাড়িতে তুলে আমরা পূর্ব পাকিস্তান খ্রিষ্টান কাউন্সিলের দপ্তরের দিকে রওনা হলাম। পথ-অবরোধ থেকে রক্ষা পাওয়ার জন্য মনে মনে প্রার্থনা করছিলাম। ফাঁকা রাস্তার নিস্তব্ধতা ভয়াবহ ঠেকছিল। মালপত্রসহ সুধীরকে নামিয়ে কয়েক মিনিটের মধ্যে আবার ওখানে ফিরে এলাম। আমি মাইক্রোবাস নিয়ে এসে ভালোই করেছিলাম, কেননা মুসলিম পরিবারটি বেশ বড়সড়। তারা মালপত্র তোলার ফাঁকে আমি মিসেস আহমদের [ডক্টর সিদ্দিক আহমদের স্ত্রী} সঙ্গে কথা বললাম। তিনি সুইডিশ মহিলা এবং তাঁর বিজ্ঞানী স্বামীর এই দেশে এখন দিশেহারা বোধ করছেন। মিসেস আহমদ জিজ্ঞেস করলেন, ‘আমার স্বামীকে কোথায় নিয়ে গিয়েছে, সেটা কি আপনি জানতে পারবেন?’ আমি বলতে পারছি না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। অনুগ্রহ করে তাঁর নাম ও পুরো ঠিকানা লিখে দিন। মিসেস আহমদ তাঁর ভিজিটিং কার্ডের উল্টো পিঠে স্বামীর নাম লিখে দিলেন। আমি কোনো খবর পেলে তাঁর সঙ্গে যোগাযোগের প্রতিশ্রুতি দিলাম।
মুসলিম পরিবারটি শহরের আরেক প্রান্তে তাদের আত্মীয়বাড়িতে যেতে চাইছিল। তাদের নিয়ে যাওয়া ছাড়া গত্যন্তর ছিল না। … ফেরার পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক রেডক্রসের অফিসে গিয়ে ডক্টর আহমদের খবর জানাই। উত্তর পাই ‘কয়েক ঘণ্টা হয়ে গেছে, এখন তাকে জীবিত পাওয়ার বিশেষ আশা নেই। তবে আমরা আর্মির সঙ্গে যোগাযোগ করে দেখব তারা কিছু জানে কি না।’
সেনাবাহিনী যে ডক্টর আহমদের খবর রাখার কথা অস্বীকার করবে তা আমি জানি। পরদিন সকালে তাঁর স্বামীর লাশ পাওয়া গেছে বলে মিসেস আহমদ জানতে পারলেন। সেনাবাহিনীর সহযোগী রাজাকাররা খুব দ্রুত ও নিষ্ঠুরতার সঙ্গে কাজ সেরেছিল। অন্য বাঙালিদের মতো ডক্টর আহমদের অপরাধ ছিল তিনি ছিলেন শিক্ষিত ও অগ্রগণ্য ব্যক্তি এবং এঁরা ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে উঠতে পারেন। … গেস্ট হাউস থেকে মাঝে মাঝে যে চোখবাঁধা লোকভর্তি দ্রুতগতি বাস চোখে পড়ত, তার মাহাত্ম্য এবার বোঝা গেল। এখন বুঝতে পারছি পাষণ্ড রাজাকাররা বাঙালি বন্দীদের বাসে নিয়ে যাচ্ছে বধ্যভূমিতে।
১৪ ডিসেম্বরের দীর্ঘ রাত আমাদের প্রতি বর্বর মুখ ব্যাদান করল। অনবরত চলছিল ভারতীয় বিমানের আক্রমণ। এর সঙ্গে যুক্ত হয়েছিল ঢাকার উপকণ্ঠে পৌঁছে যাওয়ার ভারতীয় বাহিনীর ভারী গোলাবর্ষণের শব্দ। ঢাকা ঘেরাও করে ফেলেছে বাঙালি ও ভারতীয় বাহিনী। রেডিওর খবরে প্রকাশ নগরে দুর্গ গেড়ে বসেছে ৪০ হাজার পাকিস্তানি সেনা। পাকিস্তানি বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল নিয়াজি কসম খেয়ে বলেছেন যে শেষ সৈনিকটি জীবিত থাকা পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন। ভারত মহাসাগরের জল কেটে এগিয়ে আসছিল মার্কিন নৌবহর। উত্তরে চীনের দিক থেকে হুমকি অব্যাহত ছিল। দ্রুত ফুরিয়ে আসছিল সময়।
… ১৫ ডিসেম্বর সকালে শুনি, ভারতীয় বাহিনী ঢাকা শহর ঘেরাও করেছে। আকাশের ওপর তাদের বিমানের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। জেনারেল নিয়াজি বলে চলেছেন, শেষ সৈনিকটি পর্যন্ত তিনি প্রতিরোধ করে যাবেন।…গুজব শোনা যাচ্ছিল যে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে যাচ্ছে। তবে আমার বিশ্বাস হচ্ছিল না মুসলিম সেনাবাহিনী হিন্দু আধিপত্যাধীন এক বাহিনীর কাছে এত তাড়াতাড়ি আত্মসমর্পণ করবে।
ডিসেম্বরের ১৬ তারিখ সকালে আমি গেস্ট হাউসের ছাদে উঠে দেখি একটিমাত্র নিঃসঙ্গ ভারতীয় বিমান আকাশে উড়ছে। গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে এবং দূরে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। তবে নগরের ওপর কোনো আক্রমণ পরিচালিত হচ্ছে না। ঝড়ের আগের নৈঃশব্দ যেন বিরাজ করছে।
ঈশ্বরকে ধন্যবাদ, আমার ধারণা ছিল ভুল। আমরা মৃত্যুফাঁদে আটকা পড়া অবস্থায় রেডিও সংবাদে শুনলাম, জেনারেল নিয়াজিকে পূর্ব পাকিস্তানে তাঁর বাহিনীসহ আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তানের অস্তিত্বের বিলুপ্তি ঘটল। হঠাৎ করেই আমরা দেখলাম, অনুভব করলাম, বিশ্বের অষ্টম বৃহত্তম জনগোষ্ঠীর দেশ বাংলাদেশের উদয়। আমাদের মনে হলো বাঙালির রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আমরাও একাত্ম। এক ঘণ্টার মধ্যে দেখি সবদিক থেকে শত শত পাকিস্তানি সেনা আবির্ভূত হয়ে গেস্ট হাউসের সামনের পথ দিয়ে উত্তরে সেনাছাউনির দিকে এগিয়ে যাচ্ছে আত্মসমর্পণের জন্য। আমাদের কোনো ধারণাই ছিল না এত সেনা শহরে ছিল। পাকিস্তানি সেনারা মাথা নিচু করে পা টেনে টেনে চলছিল। ১৩ দিন ধরে তারা প্রবল বিমান আক্রমণের সম্মুখীন ছিল। তাদের অধিকাংশ সামান্যই নিদ্রার সুযোগ পেয়েছে। রাইফেল বহন করার শক্তিও যেন তাদের নেই। কেউ কেউ বাঙালিদের হাতে রাইফেল তুলে দিচ্ছিল।
একই সময়ে শহরে এসে প্রবেশ করল বাঙালি ও ভারতীয় সেনা।… বাঙালিরা আনন্দে আত্মহারা হয়ে আছে। যেদিকে তাকাই মানুষের হাতে রাইফেল, এলোমেলোভাবে গুলি ছুড়ছে আকাশে। কয়েকজন তরুণ কাপড় পাল্টাতে পাল্টাতে দৌড়ে গেল গেস্ট হাউসের সামনের পথ দিয়ে। এরা রাজাকার, পাকিস্তানি বাহিনীর সহযোগী। দ্রুত চেহারা পাল্টে ফেলতে সচেষ্ট রয়েছে তারা। গেস্ট হাউসের ঠিক দক্ষিণে পুলিশরা তাদের ফাঁড়ি পরিত্যাগ করেছে। এদের কেউ কেউ দালালি করেছিল। লোকজন ফাঁড়ি তছনছ করে লুট করে নিয়েছিল রাইফেল, গোলাবারুদের বাক্স ও অন্যান্য জিনিসপত্র। থুরম্যানদের ছেলেমেয়ে ও অন্যান্য বাঙালি বালক-বালিকাদের সঙ্গে মিলে আমাদের সন্তানেরাও প্রবলভাবে হাত নেড়ে বিজয়ী সেনাদের স্বাগত জানাচ্ছিল।
চেরি ও ক্যাথিকে [লেখকের দুই কিশোরী মেয়ে} বাংলাদেশের পতাকা তৈরি করতে সাহায্য করেছিল গ্লোরিয়া থুরম্যান। গেস্ট হাউসের শীর্ষে আমরা এই পতাকা উড়িয়ে দিলাম।











