বদির স্ত্রীর ১৫ ভরি স্বর্ণের দাম ৪৫ হাজার টাকা!
কক্সবাজার প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে (টেকনাফ-উখিয়া) ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। নৌকা প্রতীকে স্বামীর জায়গায় এবার ভোটের মাঠে নামবেন তিনি।
তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শাহীন আক্তারের ১৫ ভরি স্বর্ণ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যার মূল্য দেখানো হয়েছে ৪৫ হাজার টাকা। অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের দাম মাত্র তিন হাজার টাকা, যা বাজারমূল্যের ১৩ ভাগের এক ভাগ।
এর আগে ২০০৮ সালে অনুষ্টিত নবম জাতীয় সংসদ নির্বাচনে শাহীন আক্তার একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে হলফনামায় নিজের ১৫ ভরি স্বর্ণ থাকার ঘোষণা দেন। তখনও এর মূল্য ছিল ৪৫ হাজার টাকা। ২০১৪ সালে অনুষ্টিত দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের আওয়ামী লীগের তৎকালীন প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদি তার হলফনামায় স্ত্রীর ১৫ ভরি স্বর্ণ থাকার ঘোষণা দেন। সেখানেও এর মূল্য দেখানো হয় ৪৫ হাজার টাকা।২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বদির স্ত্রীর স্বণের দাম বাড়েনি।
কক্সবাজার জুয়েলারী সমিতির সভাপতি সুভাষ ধর জানান,২০০৮ সালে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি ছিল ২৩ হাজার টাকা,২০০৯ সালে ছিল ২৫ থেকে ২৬ হাজার টাকা। বর্তমানে তা প্রায় ৪৭ হাজার টাকা।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মো. বশির আহমদ বলেন, ‘হফলনামা গুলো অনলাইনে দেওয়া হয়েছে। এখানে ঘোষণা দেওয়া তথ্য ঠিক না থাকলে যেকোনো নাগরিক বিষয়টি আইনের কাছে বা কমিশনের কাছে নিয়ে যেতে পারবে।’
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য শাহীন আক্তারকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।সূত্র: আমাদের সময়










