বগুড়ায় খালেদা জিয়ার প্রার্থীতার সংবাদে বিএনপি নেতাকর্মীদের আনন্দ-উল্লাস
বগুড়া প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বাচনে আসার সংবাদে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস বয়ে যাচ্ছে। নেতাকর্মীরা বলছেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নির্বাচনে জয়ী করে জেল থেকে মুক্ত করবো। জেলমুক্তির জন্যই খালেদা জিয়াকে বিপুল ভোটে জয়ী করা হবে।
বগুড়া সদর আসন-৬ এবং গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপার্সন প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মীরা তাকে জয়ী করার লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছে।
জানা যায়, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে বরাবরই নির্বাচন করে জয়ী হয়ে আসছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে বগুড়া-৭ আসনে নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া। তবে প্রতিবারই আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হয়েছে। সেখানেও ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তিনটি উপনির্বাচনে সাংসদ হন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। ২০০৯ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
খালেদা জিয়া বগুড়া-৬ আসনেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৪ সালের নির্বাচন বর্জন করে বিএনপি। এবার তার পক্ষে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। সোমবার ঢাকায় মনোনয়ন হস্তান্তরের পরপরই বগুড়ায় অবস্থানরত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসব দেখা যায়।
বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার জানান, বেগম খালেদার জয়ের জন্য জেলা যুবদল দিনরাত শ্রম দিয়ে যাবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, বগুড়ার-৬ ও বগুড়া-৭ আসন থেকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়নপত্র তাকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হস্তান্তর করেছে। দুটি আসন থেকে তিনি বরাবরই বিপুল ভোটে জয়লাভ করে আসছেন। এবারও তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।বিডি প্রতিদিন










