বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্রতত্ত্বেই সরকারের ভরসা

PM-Hasina11-300x181ডেস্ক রির্পোট :এক চাকরিপ্রার্থীকে সিলেকশন বোর্ড সদস্যরা জিজ্ঞেস করলেন, ‘বাংলাদেশে তৈরি একটি যন্ত্রের নাম বলুন।’ সময় না নিয়ে ঝটপট বললেন প্রার্থী- ‘এক শর্তে উত্তর দেব। শর্তটা হলো, উত্তর মনপুত না হলে আপনারা দ্বিতীয় যন্ত্রের নাম জিজ্ঞেস করতে পারবেন না।’ বোর্ড থেকে নিশ্চয়তা দেওয়া হলো, দ্বিতীয় যন্ত্রের নাম জানতে চাওয়া হবে না। একটু কৌতুকচ্ছলে প্রার্থী বললেন, ‘বাংলাদেশে স্রেফ একটি যন্ত্রই তৈরি হয়, এর নাম ষড়যন্ত্র।’
ভ্যাবাচেকা খাওয়ার মতো উত্তর বটে। ফল যা হওয়ার তাই হলো। এ ‘অভদ্রজনোচিত’ উত্তরের জন্য প্রার্থীকে চাকরির জন্য অযোগ্য ঘোষণা করলেন সদস্যরা। চাকরিতে ওই প্রার্থী অযোগ্য হলেও তার বাস্তবসম্মত এ কৌতুককে অস্বীকার করার উপায় আছে কি? বাংলাদেশের সব কিছুই তো ষড়যন্ত্রতত্ত্বের আষ্টেপৃষ্ঠে বাঁধা। নিজের দেশে কোনও কিছু উৎপাদনে আগ্রহী নন কেউ। কারণ, এতে লাভ নেই। আমদানিতে তৃতীয় পক্ষ হলে প্রচুর কমিশন। এ কমিশন পকেটস্থ করার যোগ্যতা সবার নেই। ক্ষমতার চারপাশে যাদের ঘোরাঘুরি, তারাই কেবল এ কমিশন ধরতে পারেন। এসব ষড়যন্ত্রতত্ত্বেরই অংশ। ষড়যন্ত্রের চূড়ান্ত শিখরে না উঠলে কাউকে কমিশন খাওয়ার সুযোগ দেওয়া যায় না।
মাননীয় প্রধানমন্ত্রীর কথায় আসি। তিনি বলেছেন, তৈরিপোশাক খাত নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তিনি এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতেও বললেন। ‘হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে’ অবসরপ্রাপ্ত ও বর্তমান সরকারি কর্মচারীরা যখন মধ্যরাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করে হৈ চৈ ফেলে দিলেন, তখনই প্রধানমন্ত্রী এ মন্তব্য করলেন।
বিষয়টি যথারীতি অস্বীকার করেছে বিএনপি। তবু, গণমাধ্যম ও এলিটদের বেডরুমে ষড়যন্ত্রের ধোঁয়া উড়ে বেড়াচ্ছে। এরও আগে, সরকারের পতন ঘটাতে ক্ষুব্ধ কিছু সামরিক কর্মকর্তা ষড়যন্ত্র করেছে বলে সামরিক কর্মকর্তাদের ঘোষণায় বলা হয়েছিল। এ ষড়যন্ত্র তারা প্রতিহতও করেছেন। এতে কুমিল্লায় ৩৩ ডিভিশনের মেধাবী দুই তারকা জেনারেলও জড়িত ছিলেন বলে জানা গেছে। দেরি না করে অন্য আরও কয়েকজনের সঙ্গে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়।
ষড়যন্ত্রের এই কালো আকাশেই এখন আওয়ামী লীগের বাস। খবরে বলা হয়েছে, ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করা কর্মকর্তাদের সরিয়ে দেয়া হচ্ছে। তবু, যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি আতঙ্কিত বোধ করছে আওয়ামী লীগ সরকার। অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার যে আকাক্সক্ষা আওয়ামী লীগের ছিল, চারদিক থেকে ষড়যন্ত্রের কারণে সে আকাক্সক্ষায় এখন বড়সড় আঘাত লেগেছে।
কেন তারা বন্য মাশরুমের মতো চারদিকে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র দেখছেন? কেউ একজন যদি এই প্রশ্ন করে, উত্তরে কি বলা যায় না যে, তাদের বৈধতার খুঁটি নড়বড়ে বলেই ষড়যন্ত্রের কেন্দ্রে বারবার আবর্তিত হতে হচ্ছে তাদের? এর উত্তরটা অবশ্যই এ-রকম। সিভিল সার্ভিস ক্যাডারের প্রায় ৫০০ কর্মকর্তাকে ওএসডিতে রাখা হয়েছে। কেবলই আনুগত্য নিয়ে সন্দেহের বশে তাদেরকে বিনা কাজে বেতন দেওয়া হচ্ছে। এই আনুগত্য কিন্তু রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত নয়, আওয়ামীপন্থী হতে যে যোগ্যতা দরকার, সেটা তাদের নেই বলেই তারা সন্দেহের তীরে বিদ্ধ।
রাষ্ট্রের মূলনীতি ও নৈতিকতা থেকে চিন্তা করলে যে কেউ কারণটা খুঁজে বের করতে পারেন। স্বাধীনভাবে কথা বলতে না পারার কারণেই কিন্তু ‘ষড়যন্ত্র’ ও ‘পর্দার অন্তরালের’ এসব কর্মকা- বেড়েছে। যেভাবে, যে সময়ে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, প্রেক্ষাপট বিবেচনায় এর পেছনে সরকারের তিন ধরনের ইচ্ছা কাজ করতে পারে বলে প্রতীয়মান হয়।
এক. বিশ্ববাসী দেখেছে, অনেক মাস ধরে বিএনপি ও তার রাজনৈতিক মিত্রদের ঢাকায় জনসভা করতে দেয়া হচ্ছে না। অন্যদিকে, ষড়যন্ত্রের বাতাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী কিন্তু প্রকাশিত কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব কথা বলছেন না। প্রধানমন্ত্রী কি বিশ্ববাসীকে জানাতে চাচ্ছেন যে, এই ষড়যন্ত্রের কারণেই তাদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না?
দুই. গার্মেন্টস নিয়ে প্রধানমন্ত্রীর ষড়যন্ত্রতত্ত্বের উদ্দেশ্য অভ্যন্তরীণ নয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এর উদ্দেশ্য। বাংলাদেশ থেকে তৈরিপোশাক কিনতে তারা যৌথভাবে ব্যয় করেছে ২২ বিলিয়ন ডলার। তাজরীন ফ্যাশানস ও রানা প্লাজা দুর্ঘটনার পর তারা বারবার বেতন, শ্রম অধিকার ও কর্মপরিবেশ নিয়ে কথা বলেছে। তাদের দাবি সামান্যই পূরণ হয়েছে, অনেকগুলো পূরণ হয়নি। ষড়যন্ত্রের কারণেই কি সরকার এসব দাবি পূরণ করতে পারছে না?
তিন. আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাতে বিনাবিচারে হত্যা ও গুম এবং ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের দুর্গন্ধ বাতাস আটকাতে প্রধানমন্ত্রী ষড়যন্ত্রের বিষয়টি তুলে আনছেন। এ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের সন্তুষ্টি নেই। ঢাকায় সাম্প্রতিক সফরে যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সাংবাদিকদেরকে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন। শিগগির গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের বিষয়টি গুরুত্ব সহকারে উঠে এসেছে তার বক্তব্যে।
বিশ্বাসযোগ্য সূত্রমতে, দেশাই’র মন্তব্যে নড়েচড়ে বসেছেন ক্ষমতাসীনরা। তারা আশঙ্কা করছেন, এ মন্তব্যের পর সরকার উৎখাতের দাবিতে রাস্তায় নেমে আসতে পারে মানুষ। দেশাইকে নিয়ে সরকারি মহল থেকে আপত্তিকর কিছু মন্তব্যও এসেছে। কূটনৈতিক মহলে অনাকাক্সিক্ষত যেসব আচরণ আমরা দেখছি, তাতে মনে হয়, উপরে শক্ত দেখালেও ভেতরে ভেঙে পড়েছে সরকার। এখন ষড়যন্ত্রতত্ত্বই তাদের ভরসা!