এক ব্যক্তিকে নিয়ে দুই পরিবারের ‘টানাটানি’
নিউজ ডেস্ক : সিডরে নিখোঁজ হওয়ার ১১ বছর পর এক ব্যক্তি ফিরে এসেছেন। ফিরে আসা এই ব্যক্তি শহিদুল মোল্লা, নাকি জুয়েল সরদার-এ নিয়ে বিভ্রান্তিতে পরেছে দুই পরিবার। ফিরে আসা এই ব্যক্তি এখন অবস্থান করছেন বাগেরহাট শরণখোলা উপজেলায় তাততলা গ্রামে।
শরণখোলা উপজেলার একটি পরিবার দাবি করছে, এই ব্যক্তি তাদের হারিয়ে যাওয়া শহিদুল মোল্লা।
অন্যদিকে পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবি দেখে গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে বাগেরহাটের শরণখোলায় আসা একটি পরিবার দাবি করছে, এই ব্যক্তি আট থেকে নয় বছর আগে হারিয়ে যাওয়া জুয়েল।
এখন ফিরে আসা সেই ব্যক্তিকে নিয়ে দুই পরিবারের মধ্যে টানাটানি চলছে। তিনি কার কাছে থাকবেন তা নিয়ে চলছে আলোচনা।
শরণখোলা উপজেলার ওই পরিবার সূত্রে জানা যায়, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে নিখোঁজ হন উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের শহিদুল মোল্লা। কিন্তু সেই সিডরের ১১ বছর পর গত ১২ নভেম্বর শহিদুলের মতো দেখতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে খুঁজে পায় তার পরিবার। তারা হারিয়ে যাওয়া শহিদুলের শারীরিক গঠন, চেহারা, শরীরের বিভিন্ন স্থানে কাটা দাগসহ নানা দিক দিয়েই মিল খুঁজে পান ওই ব্যক্তির মধ্যে। তারপর থেকেই পরিবারটি নিশ্চিত হন যে, ওই ব্যক্তিই তাদের হারিয়ে যাওয়া শহিদুল।
অন্যদিকে মুন্সিগঞ্জের ওই পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত ছবি দেখে, গত মঙ্গলবার উপজেলার যশলদিয়া গ্রাম থেকে একটি পরিবার শরণখোলায় ছুটে এসে স্থানীয় সাংবাদিকদের শরণাপন্ন হয়। তখন কথিত শহিদুল উপজেলার তালতলী গ্রামে তার বোন মঞ্জু বেগমে বাড়িতে অবস্থান করছিলেন। রাত ৮টার দিকে মুন্সিগঞ্জের এই পরিবারকে মানসিক ভারসাম্যহীন শহিদুলের মুখোমুখি করা হয়। এ সময় পরিবারটি শহিদুল নামের ওই ব্যক্তিকে দেখেই তাদের হারিয়ে যাওয়া জুয়েল বলে কাঁদতে থাকেন।
মুন্সিগঞ্জ থেকে আসা হাসি বেগম বলেন, ‘এই-ই হলো আমার হারিয়ে যাওয়া স্বামী জুয়েল।’ বাবা আমীন সরদার বলেন, ‘এই আমার ছেলে তাতে কোনো ভুল নেই।’ এ সময় ছেলে শামীমও তার বাবা বলে নিশ্চিত হন।
মুন্সিগঞ্জের পরিবারটি জানান, জুয়েল আট থেকে নয় বছর আগে মাথা খারাপ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তার কোনো খোঁজ মেলেনি। তাদের স্বজনকে ফিরে পেতে আদালতের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন ।
অপরদিকে শরণখোলার কথিত শহিদুলকে নিজের সন্তান বলে দাবি করেছে ময়মননেছা বিবি।আত্মীয়-স্বজন এবং গ্রামবাসীও বলছে, এই ব্যক্তি সিডরে হারিয়ে যাওয়া শহিদুল। তারা তাদের ফিরে পাওয়া স্বজনকে আর হারাতে চান না।
শরণখোলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, যেহেতু একই ব্যক্তিকে দুই পরিবারই তাদের বলে দাবি করছে, এখানে তাদের কিছু করার নেই। একমাত্র আদলতই এর সমাধান দিতে পারবে।










