শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাল্টে গেল স্মৃতিসৌধের দৃশ্যপট

5d781408e077bee815cc5b6ce7d69fc2-38ডেস্ক রির্পোট :গতকাল, শহীদ বুদ্ধিজীবী দিবসের আগের দিনটিতে, ঘন কুয়াশা আর ধুলোর কুণ্ডলীতে ঢেকে ছিল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের লাল ইটের সৌধটি। মনে হচ্ছিল, কুয়াশার চাদর সরে গেলেই উন্মোচিত হয়ে পড়বে একাত্তরের রায়েরবাজারে বধ্যভূমি। সেই কুয়াশার ভেতরে স্মৃতিসৌধের সামনের উঠানে পড়ে থাকা শুকনো পাতা আর ধুলো ঝাড় দিচ্ছিলেন কয়েকজন নারী পরিচ্ছন্নতাকর্মী।

শুধু রাজধানী নয়, সারা দেশে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে যত স্মৃতিসৌধ আছে, তার মধ্যে রায়েরবাজার স্মৃতিসৌধই সম্ভবত সবচেয়ে মন বিষণ্ন² করে দেওয়া স্থাপনা। মুক্তিযুদ্ধের নৃশংসতম হত্যাকাণ্ডের স্মারক এই স্মৃতিসৌধ। ১৯৭১ সালে বাঙালি যখন মুক্তিযুদ্ধে বিজয়ের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগীরা হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান —সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে। কয়েকজনের লাশ ফেলে রাখা হয় রায়েরবাজারেই। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আনন্দের ঠিক আগে ১৪ ডিসেম্বর ছিল জাতির বিষণ্নতম দিন।

রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণ শেষ হয় ১৯৯৯ সালে। প্রায় সারা বছরই নিঃসঙ্গ পড়ে থাকে এই স্মৃতিস্তম্ভ। ১৪ ডিসেম্বরের আগে তোড়জোড় শুরু হয় স্মৃতিসৌধের সোয়া তিন একর বিস্তৃত এলাকা সাফসুতরোর কাজ। গত বৃহস্পতিবারও পুরোদমে চলছিল পরিচ্ছন্নতার কাজ। পানিতে সয়লাব স্মৃতিসৌধের বেদি আর সিঁড়ি। ১০-১৫ জন পরিচ্ছন্নতাকর্মী, যাঁদের বেশির ভাগই নারী, ঝাড়ু আর ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছিলেন লাল ইটের বেদি আর সিঁড়ি। সৌধের দেয়ালের গায়ে ঝুলছিল দড়ির মই। চারদিকে পরিচ্ছন্নতা অভিযানের শোরগোল। তদারক করছেন গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা।

রায়েরবাজার স্মৃতিসৌধের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব গণপূর্ত বিভাগের। গতকাল শনিবার শেষ মুহূর্তের পরিচ্ছন্নতার কাজ তদারক করছিলেন সংস্থার ধানমন্ডি উপবিভাগের প্রকৌশলী জোয়ারদার তায়েবুন নবী। তিনি জানালেন, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিসৌধ ঝাড়ামোছার পাশাপাশি এবার হয়েছে কিছু মেরামতের কাজও। মূল ফটকে লেগেছে পিতলের নতুন নামফলক। মূল সৌধের সামনে কালো মার্বেল পাথরের স্তম্ভের কিছু অংশ ভেঙে গিয়েছিল। তারও মেরামত হয়েছে। সীমানাপ্রাচীরে নতুন করে লাগানো হয়েছে ৫২টি লোহার বেষ্টনী।

গতকাল সকাল থেকে দ্রুতই পাল্টে যাচ্ছিল রায়েরবাজার স্মৃতিসৌধের দৃশ্যপট। ধোয়ামোছার কাজ শেষ হয়ে গিয়েছিল শুক্রবারের মধ্যেই। গতকাল চলে শুধু ঝাড়ু দেওয়ার কাজ। চলছিল স্মৃতিসৌধ আর প্রাঙ্গণে লাগানো গাছগুলোর নামফলক উজ্জ্বল করার কাজ।

গতকাল সকাল ১০টার দিকে স্মৃতিসৌধের দক্ষিণ ফটকে জড়ো হলো ৩৫-৪০টি শিশুর একটি দল। বয়স ৫ থেকে ১৫ বছর। সঙ্গে অভিভাবক ও শিক্ষক। তারা এসেছে ছায়ানট সংস্কৃতিকেন্দ্রের ‘শিকড়’ কার্যক্রম থেকে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে শিশুকাল থেকেই সংবেদনশীল করে তোলার লক্ষ্যে কয়েক বছর ধরে এ কার্যক্রম চলছে। এখানে দুপুর পর্যন্ত তারা গান গাইবে, ছবি আঁকবে, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস শুনবে।

এই শিশুদের কাছ থেকে জানা গেল, তাদের বেশির ভাগই প্রথমবারের মতো এ স্মৃতিসৌধে এসেছে। স্মৃতিসৌধে এসে অরিত্র, আরশান আর আদ্রিক খুব খুশি। স্মৃতিসৌধের সামনে বিস্তৃত বেদিতে গোল হয়ে বসে তারা গাইতে শুরু করল, ‘মুক্তির মন্দির সোপানতলে…।’ শিক্ষকদের কাছ থেকে গল্পে গল্পে তারা জানল বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেন ও ডা. আলীম চৌধুরীর আত্মত্যাগের গল্প।

স্মৃতিসৌধের নান্দনিকতা ও ভাবগাম্ভীর্যকে মলিন করে সামনের দুই ফটকের মাঝখানের সীমানাপ্রাচীরজুড়ে আগে থেকেই লাগানো ছিল অসংখ্য ব্যানার। স্থানীয় যুবলীগ, আওয়ামী লীগ নেতাদের ফেস্টুন লেগে ছিল প্রাঙ্গণে লাগানো কৃষ্ণচূড়া গাছের গায়েও। স্মৃতিসৌধের আশপাশের এলাকায় আরও ৮-১০টি বিলবোর্ডের মতো বড় ব্যানার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা জড়ো হতে লাগলেন স্মৃতিসৌধের মূল ফটকের সামনে। আরও বড় বড় ব্যানার লাগানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। স্মৃতিসৌধে প্রবেশের সড়ক ধীরে ধীরে রাজনৈতিক অনুষ্ঠানের চেহারা পেতে লাগল।

বেলা ১১টার দিকে স্মৃতিসৌধের মূল বেদিতে বসে ছায়ানটের দলটির সঙ্গে আসা শিশুরা জাতীয় পতাকা বানাচ্ছিল আর ছবি আঁকছিল। একই সময়ে এল স্থানীয় ২০-২৫ জন শিশু। স্মৃতিসৌধের উত্তর ও দক্ষিণ প্রাঙ্গণের শুকনো পাতা, কাগজপত্র, খোলা খাবার, চিপসের প্যাকেট কুড়িয়ে তারা বস্তায় ভরতে লাগল। একজন নিরাপত্তারক্ষী বললেন, জনপ্রতি ২০-৩০ টাকার বিনিময়ে স্থানীয় ছেলেমেয়েদের পাতা কুড়ানোর কাজে লাগিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। কথা বলে জানা গেল, পাতা কুড়ানোর দলের বাবু, রনি, সুজন, রাকিবদের সবাই স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্রছাত্রী। কারও বাবা রিকশাচালক, কারও বাবা দিনমজুর। স্মৃতিসৌধ চত্বরে তারা প্রায় দিনই খেলাধুলা করে, নয়তো ঘুরে বেড়ায়। ছায়ানটের দলটির সঙ্গে আসা শিশুরাও মনের আনন্দে তাদের সঙ্গে পরিচ্ছন্নতার কাজে লেগে গেল। নিমেষেই পরিষ্কার করে ফেলল স্মৃতিসৌধের উত্তর দিকের একটি প্রাঙ্গণ।

জানা গেল, এবার একটু আগেই, প্রায় এক মাস আগে থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ শুরু হয়েছে। বছরে এই একবারই স্মৃতিসৌধের পুরো ঝাড়ামোছার কাজ হয়। বাকি সময় আর খবর থাকে না। নিরাপত্তারক্ষীসহ স্মৃতিসৌধের জন্য ১৩ জন কর্মী আছেন, তাঁদের মাত্র তিনজন ঝাড়ুদার। এ ছাড়া নয়জন নিরাপত্তারক্ষী আর একজন তত্ত্বাবধায়ক। তাঁরাই সারা বছর স্মৃতিসৌধের দেখভাল ও ঝাড়পোঁছের কাজ করেন। কর্মীদের বেতন ছাড়া সারা বছর রক্ষণাবেক্ষণের জন্য স্মৃতিসৌধের জন্য নির্দিষ্ট বরাদ্দ নেই। মাঝেমধ্যে ঝাড়ু কেনারও টাকা থাকে না। বুদ্ধিজীবী দিবসের আগে গণপূর্ত বিভাগের মেরামত খাত থেকে ঝাড়ামোছার জন্য টাকা দেওয়া হয়। এবার খরচ করা হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা। তত্ত্বাবধায়ক আকরাম হোসেন জানালেন, বিশেষ দিন বাদে প্রতি শুক্র-শনিবারেই স্মৃতিসৌধে দর্শনার্থীরা বেশি আসেন। অন্য দিনগুলো প্রায় ফাঁকা।

স্থানীয় বাসিন্দাদেরও একই অভিযোগ। স্মৃতিসৌধের পাশে চা-বিক্রেতা হুমায়ুন আর খোদাবক্স বললেন, স্মৃতিসৌধের চেহারা দেখলেই সময় বোঝা যায়। ডিসেম্বর মাসে খুব তোড়জোড়। আর বাকি সময় অযত্ন-অবহেলা।

দুপুর নাগাদ স্মৃতিসৌধ এলাকার সাফসুতরোর কাজ প্রায় শেষ। লাল ইটের বেদি আর সিঁড়ি ঝকঝক করছে। স্থানীয় শিশুদের সঙ্গে বেড়াতে আসা শিশুদের ততক্ষণে বেশ ভাব হয়ে গেছে। পরস্পর মিলেমিশে দেশের গান আর খেলা করছে।

একাত্তরে বুদ্ধিজীবীদের যখন রায়েরবাজার ও মিরপুরের বধ্যভূমিতে এনে হত্যা করা হয়, তখন অনেকের সন্তানের বয়সও ছিল এদেরই মতো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ বুদ্ধিজীবীদের যেসব সন্তান সাক্ষ্য দিতে যান, তাঁদের বেশির ভাগের বয়স একাত্তরে তিন থেকে আট বছর। গতকাল বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একই বয়সের শিশুরা শুনল রক্তাক্ত সেসব দিনের কাহিনি।

একাত্তরের ১০ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে কতজন বুদ্ধিজীবীকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, তার সঠিক হিসাব এখনো অজানা। তবে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা গোপন দলিলে ১৯৭২ সালের ২ ফেব্রুয়ারি মার্কিন কনসাল জেনারেল হার্বার্ট ডি স্পিভাকের পাঠানো একটি তারবার্তার খোঁজ মিলেছে। তাতে বলা হয়েছে, যুদ্ধের শেষ দিকে ২০০-৩০০ বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।

১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দ করুণ হয়ে উঠেছিল রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমির অগণিত লাশে। নিখোঁজ বুদ্ধিজীবীদের স্বজনেরা এসব অঞ্চলে উন্মাদপ্রায় হয়ে খুঁজে ফেরেন তাঁদের প্রিয়মুখ। গলিত-অর্ধগলিত বহু লাশের হাত ও চোখ বাঁধা ছিল।

বিকেলে স্মৃতিসৌধের ভেতরের প্রাঙ্গণের নানা জায়গায় লাগানো হয় জাতীয় পতাকা, ব্যানার আর ফেস্টুন। ভেতরে মানুষের প্রবেশ বন্ধ থাকলেও বাইরে বাড়তে থাকে মানুষের কোলাহল। আর সেই কোলাহল ভেদ করে দাঁড়িয়ে থাকে রায়েরবাজার বধ্যভূমি, মহাকালের নৃশংসতম হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে।