বেগম জিয়ার ব্যাজ লাগিয়ে ঐক্যফ্রন্টের সমাবেশে চাঁদাবাজি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ স্থলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাজ লাগিয়ে টাকা আদায় করছে এক দল যুবক-যুবতী।একটি ব্যাজ লাগিয়ে সালামি হিসেবে আদায় করছে ৫০ থেকে ১০০ টাকা। কেউ দিতে রাজি না হলে তাদের হেনস্তা করে ব্যাজ খুলে নেয়া হচ্ছে।ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর ও বাইরে তিন-চারজনের গ্রুপ হয়ে কিছু তরুণ-তরুনীকে এই চাঁদাবাজি করতে দেখা যায়। তারা দাবি করছে প্রতিটি সমাবেশেই এ ধরনের ব্যাজ বিক্রি করে।
সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে চোখ পড়ে দুই তরুনীর দিকে। সমাবেশে আসা নেতাকর্মীদের ব্যাজ লাগিয়ে দিচ্ছেন। এরপর আস্তে করে সালাম দিয়ে সম্মানী চাইলেন। চক্ষুলজ্জায় লোকটি ২০ টাকা দিলেন। কিন্তু যুবকরা তা নিতে চাইলেন না। কমপক্ষে ১০০ টাকা দাবি করেন। লোকটি তাতে রাজি না হওয়ায় তার পোশাকে লাগানো ব্যাজ খুলে নেয় যুবকরা।এরকম ব্যাজ লাগিয়ে টাকা আদায় করছিল সীমান্ত ও আরিফ নামে দুই যুবক। আরিফ নিজেকে বাংলা কলেজের ছাত্র ও আদাবর ছাত্রদলের কর্মী বলে দাবি করেন।
ব্যাজ লাগানোর কারণ জানতে চাইলে সুমাইয়া বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা স্বেচ্ছায় ব্যাজ লাগাচ্ছি। এগুলো বানাতে আমাদের কিছু টাকা খরচ হয়েছে, তার থেকে বেশী কিছু টাকা নিয়ে আমি আমার সংসার চালাই।তিনি বলেন, আমার ছোট বোন পড়াশুনা করে। আমার পরিবার চালাতে হয়। আমিতো কোনো খারাপ কাজ করছিনা। পেটের দায়ে এই কাজ করছি।
মোস্তাফা নামে বিএনপি কর্মী বলেন, নেত্রীর ব্যাজ লাগিয়ে দিচ্ছে ভালো কথা। টাকা আদায় করছে কেন? আর এটি যদি সম্মানী হয়ে থাকে তাহলে যে যা দিবে তাই নেবে। কিন্তু তারা জোর-জবরদস্তি করে টাকা আদায় করছে। তারা নেত্রীর নাম বলে চাঁদাবাজি করছে। এটি ঠিক হচ্ছে না। দলের নীতিনির্ধারকদের এ বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত।
সূত্র: বাংলাদেশ জার্নাল











