মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলে আমায় নে, মাকে ছেড়ে দে: পাগলা রিজভী

news-image

বিএনপি নেতাকর্মীরা তাকে ডাকেন ‘পাগলা রিজভী’ বলে। আদুরে এই ডাকে রাগ, কষ্ট নেই। কারণ, তিনি বিএনপিকে ভালোবাসেন।চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ ভক্ত রিজভী। প্রিয় নেত্রীকে কারাগারে নেয়ার পর থেকে বেশিরভাগ সময় কাফনের কাপড় পরে ঘুরে বেড়ান। দলীয় কোনো কর্মসূচি থাকলে সবার আগেই কাফনের কাপড় পরে হাজির হয়ে যান।

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাতে আগে ভাগেই হাজির বিএনপি অন্তঃপ্রাণ এই রাজনৈতিক কর্মী। পুরো শরীরে নানা স্লোগান লিখে তিনি ১২টার দিকেই চলে আসেন সোহরাওয়ার্দীতে।রিজভীর বুকে লেখা ছিল, ‘জেলে নিলে আমায় নে আমার মাকে ছেড়ে দে’, পিঠে লেখা ‘স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক’, ‘মাথায় বাঁধা ব্যান্ডে লেখা, ‘দাবি একটাই খালেদা জিয়ার মুক্তি চাই’।

রিজভী হাওলাদারের বসবাস নারায়ণগঞ্জে হলেও দিনভর থাকেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে শরীরে কাফনের কাপড় জড়িয়ে ঘুরে বেড়ান।রিজভী হাওলাদার বলেন, ‘প্রতিদিন সকাল সাতটায় নারায়ণগঞ্জ থেকে ঢাকার নয়াপল্টন বিএনপি কার্যালয়ে আসি। সারাদিন সেখানেই থাকি। রাত ১১টার দিকে ফিরে যাই।’

কর্মসূচি না থাকলে কাফনের কাপড় খুলে সাধারণ পোশাকে থাকেন রিজভী। তবে বড় কোনো কর্মসূচির দুই একদিন আগে থেকেই এই কাফনের কাপড় গায়ে তোলেন তিনি।এই পোশাক কবে খুলবেন- এমন প্রশ্নে জবাব আসে, ‘যেদিন খালেদা জিয়া মুক্তি পাবে সেদিন কাফনের কাপড় ছাড়ব। তার আগে না।’

সূত্র: বাংলাদেশ জার্নাল