মঙ্গলবার সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট
নিউজ ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল মঙ্গলবার সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার ঐক্যফ্রন্টের একটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গেলে এ সমাবেশের অনুমতি মেলে।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ যুগান্তরকে জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সমাবেশ করতে অনুমতি নিতে ডিএমপি কার্যালয়ে এসেছিলাম। তারা আমাদের অনুমতি দিয়েছেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধিদলটি ডিএমপিতে যায়।
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে প্রতিনিধিদলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।
এদিকে ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর রাজধানীতে প্রথমবারের মতো সমাবেশ ঘিরে ব্যাপক শোডাউন করতে চায় বিএনপি।
এ লক্ষ্যে রাজধানী ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।
সমাবেশের অনুমতি প্রসঙ্গে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গতকাল যুগান্তরকে বলেছিলেন, সমাবেশ কেন্দ্র করে ঐক্যফ্রন্টের ব্যাপক প্রস্তুতি রয়েছে। সাত দফা দাবিতে অনুষ্ঠেয় সমাবেশ মঙ্গলবার দুপুর ২টায় শুরু হবে।
এ্যানী যুগান্তরকে আরও বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। যুগান্তর











