মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরিকুল কখনো অন্যায়কে আপোস করেননি : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অন্যায়ের সঙ্গে কখনো আপোস করেননি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকাল ১০টায় রাজধানীয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে তরিকুলের জানাজা শেষে তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘তরিকুল ইসলাম আমাদের মাঝ থেকে চলে গিয়ে আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছেন। জাতির ক্রান্তিলগ্নে ও দলের কঠিন সময়ে তিনি চলে গেছেন। তার এই চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’

বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রতি স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তরিকুল ইসলাম দল ও দেশের জন্য কাজ করেছেন। খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করেছেন। অন্যায়ের সাথে কখনো তিনি আপস করেননি। ফলে দল হারালো উচ্চমানের প্রজ্ঞাবান একজন নেতাকে। আর জাতি হারালো একজন জাতীয় নেতাকে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আহমদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠন ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল রোববার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তরিকুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

এদিকে তরিকুলের মৃত্যুতে আজ শোক পালন করছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির অফিসে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং নেতাকর্মীদেরকে বুকে কালো ব্যাজ ধারণ করতে দেখা গেছে।