যুক্তফ্রন্টে যোগ দিচ্ছে আরও ৪ দল
যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি চৌধুরী) যুক্তফ্রন্ট জোটে নতুন আরও চারটি দল যোগ দিচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই দল চারটি যুক্তফ্রন্টে যোগ দেবে।
দল চারটি হলো- জেবেল রহমান গাণির বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মোর্ত্তুজার এনডিপি, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদের বিএলডিপি এবং হামদুল্লাহ আল মেহেদীর নেতৃত্বাধীন লেবার পার্টির একাংশ।
এ ছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম রেজা বিকল্পধারায় যোগ দেবেন।
বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া উল্লিখিত দলগুলো যুক্তফ্রন্টে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দলগুলোর যুক্তফ্রন্টে যোগদানের ব্যাপারে বুধবার রাতে বারিধারায় জরুরি বৈঠক করেছেন বি. চৌধুরী। ওই বৈঠকে জেবেল রহমান গাণিসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় বিকল্পধারার প্রেসিডিয়ামের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র: আমাদের সময়











