গণভবনে ড. কামালদের জন্য ১৭ পদের খাবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের রাজনীতিতে চলেছে বিভিন্ন হিসাব-নিকাশ আর নানা সমীকরণ। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের আহ্বানে সাড়া দিয়েছেন। যা ‘টক অব দা কান্ট্রি’তে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই বৈঠক অনুষ্ঠিতক হবে। যাতে যোগ দেবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা। সেখানে থাকবেন ১৪ দলের ২২ জন।
জানা গেছে গণভবনে নৈশ্যভোজে ড. কামালের বিশেষ পছন্দের খাবার চিজ কেকসহ ১৭ ধরনের খাবার থাকছে। চিজ কেক আনা হচ্ছে হোটেল র্যাডিসন থেকে। খাবারের ব্যবস্থাপনায় থাকছে পর্যটন করপোরেশন।
জানা গেছে, খাবারের মেন্যুতে আরও থাকছে পিয়ারু সর্দারের মোরগ পোলাও, চিতল মাছের কোপ্তা, রুই মাছের দো-পেঁয়াজা, চিকেন ইরানি কাবাব, বাটার নান, মাটন রেজালা, বিফ শিক কাবাব, মাল্টা, আনারস, জলপাই ও তরমুজের ফ্রেশ জুস, চিংড়ি ছাড়া টক-মিষ্টি স্বাদের কর্ন স্যুপ, চিংড়ি ছাড়া মিক্সড নুডলস, মিক্সড সবজি, সাদা ভাত, টক ও মিষ্টি উভয় ধরনের দই, মিক্সড সালাদ, কোক ক্যান এবং চা ও কফি।
গত রোববার (২৮ অক্টোবর) সরকারের সঙ্গে সংলাপ চেয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। পরদিন সোমবার (২৯ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকের পর দলীয় শীর্ষ নেতাদের অনির্ধারিত এক বৈঠকে সংলাপের আহ্বানে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। সে অনুযায়ী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার চিঠি ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের বাসায় পৌঁছে দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ। তাতে বলা হয়, আগামী ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
এর আগে গত সোমবার রাতেই আবদুস সোবহান গোলাপকে ডেকে নেন প্রধানমন্ত্রী। গোলাপের হাতে চিঠি দিয়ে বলেন, সকাল বেলাই যেন এই চিঠি ড. কামাল হোসেনের বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে বলেন, ‘চাচার কাছে জানতে চাইবে উনি কী খাবেন।’তিনি ড. কামাল হোসেনকে বলেন, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আপনাকে নৈশভোজ করতে বলেছেন এবং জানতে চেয়ে আপনি কী খেতে চান আর আপনারা কতজন আসবেন। ড. কামাল হোসেন এসময় গোলাপকে বলেন, ‘এ বিষয়ে মন্টু (গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু) জানিয়ে দেবে।’
সংলাপে আওয়ামী লীগের ১৭ নেতার মধ্যে রয়েছেন-আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মো. আবদুর রাজ্জাক, কাজী জাফর উল্যাহ, রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, আইনমন্ত্রী আনিসুল হক।
অন্যদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দলের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মঈনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া এবং ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন বৈঠক অংশ নেবেন।
সংলাপের জন্য গতকাল মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্ট ১৬ সদস্যদের একটি তালিকা দেয়। জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস থাকবেন। নাগরিক ঐক্য থেকে থাকবেন মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম। গণফোরাম থেকে মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী, জেএসডি থেকে আ স ম আবদুর রব, আবদুল মালেক রতন, তানিয়া রব; ঐক্য প্রক্রিয়া থেকে সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন গণভবনে যাবেন। আর স্বতন্ত্র হিসেবে থাকবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।










