মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মহাসচিবসহ ৭ নেতার জামিন স্থগিত হয়নি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় সাত নেতাকে রাজধানীর হাতিরঝিল থানার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।

এ মামলায় গত ৩ অক্টোবর হাইকোর্ট উপস্থিত হয়ে জামিন নেন বিএনপির সাত শীর্ষ নেতা। একইসঙ্গে পুলিশ প্রতিবেদন দেওয়ার চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে তাদের আত্মসমর্পন করতে বলা হয়।

জামিনপ্রাপ্ত অপর ছয় জন নেতা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে।

প্রসঙ্গত, সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় মামলাটি করে পুলিশ।