মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ রেখে পুলিশকে ধরলো জেলেরা! ব্যাপার কী?

news-image

নিষেধাজ্ঞা থাকার মধ্যে পদ্মায় ইলিশ আহরণে ব্যস্ত জেলেদের আইনের ভয় দেখানোর কাজটা পুলিশের একজন এএসআই তো করতেই পারেন। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ধরা ইলিশও নাহয় জব্দ করতে পারেন, কিন্তু নিজের জন্য ইলিশ ও টাকা-পয়সা আদায় করতে যাওয়াটা কি সাজে? একবার করলে নাহয় পার পাওয়া যেত, কিন্তু পরপর দু’বার এই কাজ করতে গিয়েই ফেঁসে গেলেন জেলেদের জালে।

এমনই ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শামুরবাড়ির কাছে পদ্মা নদীতে। সোহেল রানা নামে পুলিশের এক এএসআই’কে আটক করে লৌহজং থানা পুলিশের কাছে সোপর্দ করেছে একদল জেলে। আজ শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় তার দুই সহযোগী মো. মোহন (২৪) ও লিটন শেখকেও (২২) আটক করা হয়। তাদের বাড়ি সিরাজদিখান উপজেলার জৈনসার এলাকায়।

জেলেদের অভিযোগ, গতকাল বৃহস্পতিবারও এএসআই সোহেল জেলেদের কাছ থেকে ইলিশ ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে জেলেরা জানতে পারে সে লৌহজং থানায় কর্মরত নয়। আজ শুক্রবার আবারও জেলেদের কাছ থেকে ইলিশ আনতে গেলে জেলেরা তাকে আটক করে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, আটক সোহেল রানা দুই সহযোগীকে নিয়ে জেলেদের কাছ থেকে জোর করে মা ইলিশ ও টাকা আদায় করার সময় তাকে আটক করে পুলিশকে খবর দেয় তারা। তবে ওই জেলেরাও পদ্মা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরছিল।

শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, এএসআই সোহেল আগে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি ডিএমপিতে বদলি হন। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

সূত্র : নিউজ ২৪