বিএনপি নেতা তরিকুল আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে ঢাকার অ্যাপেলো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
তরিকুলের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। তাকে কয়েক দিন আগে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় শনিবার অ্যাপেলো হাসপাতালে নিয়ে আসা হয়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে তার খোঁজ-খবর নিচ্ছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গতকাল হাসপাতালে এসে দেখে গেছেন। বাবার জন্য আমি সবার দোয়া চাই।’
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, অ্যাপোলো হাসপাতালে তরিকুল ইসলামকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
যাশোর থেকে চার বার নির্বাচনে জিতে সংসদে যাওয়া তরিকুল ইসলাম চারদলীয় জোট সরকারের তথ্যমন্ত্রী এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে আসার আগে তিনি সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।











