কমনওয়েলথের চিঠির জবাব দেবে বিএনপি: ফখরুল
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপিকে কমনওয়েলথের দেওয়া চিঠি প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান বিষয় নিয়ে আমরা কমনওয়েলথে চিঠি দিয়ে ছিলাম। তারা সেই চিঠির জবাব দিয়েছে। আমরা এর জবাব দেবো।
গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু তারা সেই চিঠির জবাব দিয়েছে। এখন সেটির জবাব হিসেবে আমরা তাদের আরেকটি চিঠি দেব।
এর আগে বিকেল ৫টা ২০মিনিটে স্থায়ী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি শেষ হয় রাত ৮টায়।
এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লেখা এক চিঠির জবাবে সংস্থাটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিক-এমনটাই চাইছে কমনওয়েলথ। কালের কণ্ঠ অনলাইন











