মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ২২ শর্তে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

news-image

বিএনপিকে ২২ শর্তে আগামীকাল রোববার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এর আগে, শনিবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যান বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল। এরা হলেন- দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

বিএনপিকে দেয়া ২২ শর্তগুলো হলো-

সমাবেশে আইনশৃঙ্খলা পরিপন্থী, রাষ্ট্র ও জননিরাপত্তা পরিপন্থী কোনো কার্যকলাপ পরিচালনা করা যাবে না।

উসকানিমূলক কোনো বক্তব্য এবং প্রচারপত্র বিলি করা যাবে না।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে- এমন কোনো ব্যাঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান ও প্রচার করা যাবে না।

সমাবেশের যাবতীয় কার্যক্রম সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে সীমাবদ্ধ রাখতে হবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইডি কার্ডসহ নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ করতে হবে।

স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশ অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করতে হবে।

নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে আসা প্রতিটি যানবাহন তল্লাশি করতে হবে।

নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে।

অনুমোদিত স্থানের বাইরে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না।

অনুমোদিত স্থানের বাইরে সড়ক ও ফুটপাতে প্রজেকশন ব্যবহার করা যাবে না।

অনুমোদিত স্থানের বাইরে সড়কে অথবা ফুটপাতে সমবেত হওয়া যাবে না।

আজান, নামাজ এবং ধর্মীয় সংবেদনশীল সময় মাইক চালু রাখা যাবে না।

জনসভার মঞ্চ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।

জনসভার ২ ঘণ্টা আগে মানুষ জনসভাস্থলে আসতে পারবে।

বিকাল ৫টার মধ্যে জনসভা শেষ করতে হবে।

মিছিলসহকারে জনসভায় আসা যাবে না।

ব্যানার-ফেস্টুনের আড়ালে কোনো ধরনের লাঠিসোটা, রড আনা যাবে না।

শর্ত না মানলে তাৎক্ষণিকভাবে অনুমতি বাতিল বলে গণ্য হবে।

জনস্বার্থে কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ সমাবেশের অনুমতি বাতিল করতে পারবে।