শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক-শিক্ষার্থীরা হাজির না থাকলে কলেজ বন্ধ: নাহিদ

e955dbd0e9607fe3cdade4410b31ad74-images

ডেস্ক রির্পোট:প্রত্যেক কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। ক্লাস নিশ্চিত করতে হবে।’ তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, ‘না হয় এসব কলেজ দিয়ে কী হবে? বন্ধ করে দেব।’

আজ শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ‘কলেজ নিয়ে আমার ভাবনা’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রায় ৩০০ জন কলেজ অধ্যক্ষ অংশ নেন।

কর্মশালায় নিজের কলেজ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরা কোচিংয়ে চলে যায়। শিক্ষকেরা চলে যান। কলেজে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রত্যেক কলেজে শিক্ষাপ​ঞ্জি থাকতে হবে। ওই শিক্ষাপঞ্জিতে কোন দিন কার ক্লাস, কার ছুটি, সেটার উল্লেখ থাকতে হবে। এগুলো না থাকলে দায়িত্ব না নেওয়াই ভালো।

কলেজ অধ্যক্ষ হওয়ার জন্য বিভিন্ন ব্যক্তির বিভিন্ন চাপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মন্ত্রী হওয়ার পর ভেবেছিলাম, বিভিন্ন বড় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সবাই মিলে উপাচার্য ও অধ্যক্ষ নির্বাচন করা হবে। অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিরা গবেষণার প্রতি আগ্রহী থাকবেন। তাই অধ্যক্ষের দায়িত্ব নিতে রাজি হবেন না। তখন তাঁকে পায়ে ধরে রাজি করানোর চেষ্টা চলবে। মন্ত্রী বলেন, ‘তখন আমরা বলব, স্যার আপনাকেই হতে হবে।’ 

বর্তমান পরিস্থিতির উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কিন্তু এখন দেখি, বড় বড় পদের জন্য আমার পায়ে ধরে থাকে। নানা নেতা-কর্মী, এমপি, মন্ত্রী চাপ সৃষ্টি করে অমুককে অধ্যক্ষ বানাতেই হবে।’

শিক্ষামন্ত্রী অধ্যক্ষদের উদ্দেশে বলেন, যখন তাঁরা দায়িত্ব নিয়েছেন, তখন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতেই হবে। না পারলে বলবেন পারছি না।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন। এতে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক ইফফাত আরা নার্গিস।