আবারও জামিন আবেদন শহিদুল আলমের
নিজস্ব প্রতিবেদক: বিচারিক আদালতে খারিজের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলায় আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। আজ মঙ্গলবার তার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।
এ বিষয়ে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, আগামীকাল বুধবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে।
এর আগে গত ২৮ আগস্ট এ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে শহিদুল আলমের পক্ষে আবেদন করা হয়। গত ১০ সেপ্টেম্বের ওই আবেদন নিষ্পত্তি করে ১১ সেপ্টেম্বেরর মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতকে তার জামিন আবেদনের নিষ্পত্তির নির্দেশ দেন।
সে অনুযায়ী ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত শহিদুল আলমের জামিনের আবেদন শুনানি করে তার জামিন নামঞ্জুর করেন। এ অবস্থায় আজ আবারও তার জামিনের জন্য আবেদন করা হলো।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ।এর আগের দিন রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নেয় ডিবি। সাতদিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।
এরই মধ্যে শহিদুল আলমের সমর্থনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, নোয়াম চমস্কি, অরুন্ধতী রায়সহ খ্যাতিমান একাধিক লেখক-বুদ্ধিজীবী বিবৃতি দেন।পেন ইন্টারন্যাশনালসহ একাধিক আন্তর্জাতিক সংগঠনও তার পক্ষে বিবৃতি দিয়েছে। সর্বশেষ আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার ব্রিটিশ পত্রিকা ‘দ্য টাইমস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।











