খালেদা জিয়ার চিকিৎসায় ৪ সদস্যের মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন, কারা-কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার চার সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে, মেডিকেল বোর্ডে কারা রয়েছেন এবং কাকে প্রধান করে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।
কারা অধিদফতর সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর খালেদা জিয়ার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠনের জন্য তারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানায়।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন মেডিক্যাল বোর্ড গঠনের কথা। আগামী ১৫ কিংবা ১৬ সেপ্টেম্বর মেডিকেল বোর্ড কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করতে কারাগারে যেতে পারে। মেডিকেল বোর্ডে কোন কোন চিকিৎসককে রাখা হয়েছে, সেটা জানাতে পারেনি কারা অধিদফতরের দায়িত্বশীল সূত্রটি। তবে অর্থপেডিক্স, চক্ষু ও হৃদরোগসহ অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে তাদের জানানো হয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ বিভিন্ন মামলায় খালেদা জিয়ার আইনজীবী হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। মেডিকেল বোর্ড গঠনের বিষয়ে তিনি বলেন, একটি মেডিকেল বোর্ড গঠনের কথা আমরাও শুনেছি। তবে কাকে কাকে নিয়ে এ বোর্ড গঠন করা হয়েছে, তা এখনও জানতে পারিনি।
এরআগে গত ৯ সেপ্টেম্বর খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী দ্রুত তাকে বিশেষায়িত হাসপাতালে যেন চিকিৎসা দেওয়া হয়।
এরপর খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালতে (বিশেষ জজ আদালত-৫) খালেদা জিয়ার চাহিদা মোতাবেক হাসপাতালে চিকিৎসা দেওয়ারও আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত বিচারের কাজ মুলতবি রাখতেও আদালতে আবেদন জানান তিনি।
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি। জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি। জিয়া দাতব্য ট্রাস্ট মামলার শুনানি শেষ করতে কারাগারের ভেতরেই আদালত বসিয়ে তার বিচারের ব্যবস্থা করেছে সরকার।
গত সপ্তাহে ওই আদালতে শুনানির প্রথম দিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিচারককে বলেন, তিনি অসুস্থ। এই অবস্থায় তার পক্ষে বার বার আদালতে আসা সম্ভব নয়। বিচারক যতদিন খুশি সাজা দিতে পারেন। কারাগারে এভাবে আদালত বসানোকে ‘সংবিধান পরিপন্থি’ আখ্যায়িত করে বিএনপি নেতারা বলছেন, তাদের ‘অসুস্থ নেত্রীকে জোর করে’ ওই আদালতে হাজির করা হয়েছে।
খালেদার অসুস্থতার কারণে এর আগে একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল সরকার। কিন্তু পরীক্ষা করে সেই মেডিকেল বোর্ড বলেছিল, বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা গুরুতর নয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে এক্সরে করাতে গত ১৪ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে সরকারের গঠিত ওই মেডিকেল বোর্ড নিয়ে বিএনপির অনাস্থা রয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এর আগে গত ২৭ মার্চ ও ২৩ এপ্রিল দুই দফা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন বিএনপি নেতারা। বাংলাদেশ জার্নাল











